নরসিংদীতে শিশু ধর্ষণের ঘটনায় আটক ১

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৯:৫৩

নরসিংদীতে ৩য় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক আলামিনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আলামিন পলাশ উপজেলার মাঝেরচরের মৃত আবুল হোসেনের ছেলে। সোমবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সৈয়দুজ্জামান জানান, রবিবার সন্ধ্যার দিকে শিশুটি বাড়ির পার্শ্ববর্তী বাজারে পিঠা কিনতে যায়। পিঠা কিনে বাড়ি ফেরার পথে কলা ব্যবসায়ী আল আমিন ছাত্রীটিকে মুখ চেপে ধরে কলাক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে গামছা দিয়ে মুখ বেধে ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার শুরু করলে তাকে সেখানে ফেলে রেখে সে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই ওই ছাত্রীটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এই ঘটনায় নরসিংদী মডেল থানায় ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। 

ইত্তেফাক/জেডএইচ