ফ্যাশনপ্রেমীরা নিজের পছন্দের পোশাকটি কিনতে বিভিন্ন আউটলেটে ঢুঁ মারেন। তাই শীতের এই সময়ে বিভিন্ন অনুষ্ঠানে নিজেকে ভিন্ন লুকে প্রকাশ করতে চান। তাদের পছন্দের পোশাকটি খুঁজে পেতে এবারের আয়োজনে থাকছে শীতের নান্দনিক পোশাকের খবর।
l সাবেরা সুলতানা
শীত-পোশাক নির্দিষ্ট কিছু রঙেরই হয়—এই ধারণাকে ভেঙে দিয়েছেন পশ্চিমা বিশ্বের ফ্যাশন ডিজাইনাররা। তাদের সঙ্গে তাল মিলিয়ে দেশি ডিজাইনাররাও শীতের পোশাকে রঙের ছটাকে প্রাধান্য দিয়েছেন। তার প্রমাণ মিলেছে দেশীয় ফ্যাশন আউটলেটগুলোতে। সঙ্গে ইন হয়েছে লম্বা ধাঁচের শীত-পোশাকও। শীতের পোশাকে রঙের ছটার কারণও আছে। এই সময়ে বিয়ে, বিভিন্ন পার্টি, গেট টুগেদার, হ্যাং আউট, পিকনিকের মতো আয়োজনগুলো বেশি হয়। উত্সবে সাধারণত রঙিন ফ্যাশনেবল পোশাকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেকে। যে কারণে ফ্যাশন হাউসগুলোও উজ্জ্বল পোশাকের সম্ভার সাজিয়ে বসেন। তাতে দেশীয় কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মিলিয়ে পশ্চিমা ফ্যাশনের হালচালও তুলে আনা হয়। এদেশে শীতপ্রধান দেশগুলোর মতো ততটা শীত পড়ে না। আবার সব সময় শীতের আবহও একই থাকে না। শীতের পোশাক ডিজাইনের সময় বিষয়টি মাথায় রাখা হয় বরাবর। আমাদের দেশে সাধারণত তিনটি লেয়ারে শীত পড়ে। কার্তিক-অগ্রহায়ণে হালকা শীত পড়ে। এরপর শীতের প্রকোপ একটু বাড়ে। আবার ফাল্গুনের আগ দিয়ে বিদায়ের পালা শুরু হয়। এবার শীতে লম্বা ধাঁচের পোশাকের প্রতি জোর দিয়েছেন ডিজাইনাররা। বিশেষ করে লেয়ারের দিকে। আমাদের দেশের মতো হালকা শীতের দেশে লেয়ারের পোশাকেই উষ্ণতা খুঁজে পাওয়া যাবে। শার্ট কিংবা কামিজ যেকোনো পোশাকের ওপর খুব সহজেই চাপিয়ে পরা যাবে এমন পোশাক। এবারের শীতে দেশীয় ফ্যাশন হাউস স্টুডিও মায়াসির বেশ কিছু নান্দনিক ডিজাইনের শীত-পোশাক দিয়ে সাজিয়েছে তাদের আউটলেট। এ প্রসঙ্গে স্টুডিও মায়াসিরের প্রতিষ্ঠাতা ও নন্দিত ডিজাইনার মাহিন খান বলেন, ‘পশ্চিমা দেশগুলোর পোশাকের সঙ্গে আমাদের নিজস্ব পোশাকের সংমিশ্রণ ঘটিয়ে নতুনত্ব আনার চেষ্টা করি আমরা। খুব শীতের দেশগুলোতে সাধারণত লম্বা ধাঁচের ভারী পোশাক পরা হয়। আমাদের এখানে অতটা শীত পড়ে না বলে ওদের ঢঙে পাতলা কাপড়েই লম্বা গড়ন দেওয়া হয়েছে। আমাদের এবারের কালেকশনে ক্রেতারা পাবেন হাতে তৈরি কুইলটেড কোটস এবং বাহারি ডিজাইনের শাল। এসব শীত-পোশাকে রয়েছে ‘ওয়ারাবেল স্টাইল’। সেইসঙ্গে ফিটেড। এগুলোয় রং হিসেবে ব্যবহার করা হয়েছে বালি রং থেকে শুরু করে বাদামি, স্লেট, মেরুন, নীল, সবুজ ও কালো। আর পোশাকের ভেতরের দিকে আছে বাহারি প্রিন্টের সমাহার। আমরা বিশ্বাস করি, কমিউনিটি ওম্যান কারিগরদের হাতে সেলাই করে তৈরি এই চমত্কার শীত-পোশাকগুলো ফ্যাশনসচেতনদের আকর্ষণ করবে।’ পোশাকগুলো দেখতে ভিজিট করতে পারেন : facebook. com/studiomayasir
মডেল স্বরলিপি
পোশাক মাহিন খান
ছবি স্টুডিও মায়াসির
