এই সময়ে পরিপাটি স্ট্রিটওয়্যার

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২০:০০

 

ঢাকায় অবশ্য কখন পৌষ কখন মাঘ তা বোঝা না গেলেও শীত যে বেশ জেঁকেই বসেছে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। রঙিন শীত-পোশাকের দেখা মিলছে তারুণ্যের স্ট্রিট ফ্যাশনেও। তবে এখন যেহেতু শীতের প্রকোপ বেশি, তাই সোয়েটার বা ভারি ফ্লিস নিটের রাউন্ডনেক বা হুডি,  জ্যাকেট বা ব্লেজার আর ডেনিম-ই হতে পারে ফ্যাশনিস্তাদের সঠিক স্ট্রিটওয়্যার!

 

 

l আশরাফুল ইসলাম রানা

 

এ দেশে শীত পড়ে কম, তাই বলে শীত-পোশাকের বাহারে কমতি নেই। কম ঠান্ডায় পরার উপযোগী করেই বানানো হচ্ছে এ সময়ের শীতের পোশাক। আর ট্রেন্ডও বদলে যাচ্ছে বছর বছর। এদিকে শীতের রাত মানেই পার্টি, হই-হুল্লোড়। তাই শীতের পোশাক  কেনার আগে দুদিকটাই ভাবুন। ম্যাড়ম্যাড়ে নয়, বরং উজ্জ্বল রঙের শীতের পোশাকই এখন ফ্যাশনে ইন।

বৈচিত্র্যময় রঙিন শীতের পোশাকের দেখা মিলছে তারুণ্যের পোশাকী ক্যানভাসে।  আন্তর্জাতিক ফ্যাশন ট্রেন্ড থেকে অনুপ্রাণিত হয়ে প্রতিবছরই আবার এসব পোশাকের ওপর নানা পরীক্ষা-নিরীক্ষাও চলে। তাতে বেরিয়ে আসে নতুন ডিজাইন, নতুন প্যাটার্ন।  সে পোশাকগুলোই নামীদামি ব্র্যান্ডের দোকান ঘুরে বসে যায় তরুণদের শরীরে। কয়েক বছর ধরে শীতের পোশাকের জায়গা দখল করে আছে হুডি বা পুলওভার। বছর বছর ডিজাইন আর কাটিং পরিবর্তন করে চলছে এটি। কাপড়েও অবশ্য পরিবর্তন আনা হয়। জ্যাকেট বা ব্লেজারেও এসেছে পরিবর্তন। এছাড়া চেক বা ভেলভেট কাপড়ের ব্লেজারেরও  বেশ কদর রয়েছে।

এদিকে, মাঝারি শীতে পরার জন্য বাজারেই পাওয়া যায় রংবেরঙের নানা নকশার সোয়েটার। গলার ডিজাইনের ওপর নির্ভর করে বিভিন্ন ধরনের হালকা বুননের সোয়েটার ট্রেন্ডে ইন। ছেলেদের জন্য আছে ভি নেক, টারটল নেক, ক্রু নেক, গোল গলা প্রভৃতি।

ফ্যাশন ব্র্যান্ড ক্যাটস আইয়ের ডিজাইন বিভাগের প্রধান সাদিক কুদ্দুস জানান, ‘ফ্যাশন তখনই স্বয়ংসম্পূর্ণ হয় যদি তাতে সমকালীন রুচির প্রকাশ ঘটে। শীতের জন্য আভিজাত্যের মিশেলে ক্যাটস আই তৈরি করেছে ফেস্টিভ ও স্ট্রিট ক্যাজুয়াল ফ্যাশন আউটফিট। পাশাপাশি ক্যাটস আই কলার সোয়েটারের নতুন ডিজাইন নিরীক্ষাধর্মী কাজ হিসাবে এনেছে।’

বাজারে বিভিন্ন ব্র্যান্ড স্টোর ঘুরে জানা যায়, ক্যাজুয়ালের মধ্যে ছোট ও বড় চেকের কাপড়ের স্যুট বেশ পছন্দ করেছে ক্রেতারা। এছাড়া জ্যাকেট ও সোয়েটারের কদর থাকে সব সময়ই। এদিক থেকে অবশ্য এবার সুতির চেয়ে প্যারাসুট কাপড়ের জ্যাকেট এগিয়ে আছে।

তরুণদের ফ্যাশন স্টেটমেন্টে এবারও শীতে লেদারের জ্যাকেট এগিয়ে। পার্টিতে গেলে স্যুট বা ব্লেজার থাকে পছন্দের শীর্ষে ফরমাল লুকে যারা নিজেদের উপস্থাপন করতে চান। এ কারণে দুই ক্যাটাগরির পোশাক দেখা যায় ব্র্যান্ডগুলোয়। যেমন স্লিম ফিট ও এক্সিকিউটিভ ডিজাইন। স্লিম ফিটের মধ্যে রয়েছে পিউ লেদার জ্যাকেট ও নানা রঙের সোয়েটার। আর এক্সিকিউটিভ ক্যাটাগরির মধ্যে রয়েছে ব্লেজার স্যুট। তবে তরুণ-তরুণীদের জন্য রেডি টু ওয়্যার আউটফিট হিসেবে এবার হালকা বা মাঝারি শীতের জন্য ফ্যাশনে ইন জ্যাকেট, কটি, সোয়েটার, ডেনিম ও শ্রাগ। বলা যায়, লেয়ারিং ফ্যাশন ট্রেন্ডে ঝুঁকেছে এখনকার ফ্যাশনিস্তাদের অধিকাংশ।

 

ডিজাইন সাদিক কুদ্দুস

পোশাক ও ছবি ক্যাটস আই