ভিনদেশি খাবার চেখে দেখার প্রবণতা নাগরিক সমাজে বেশ বেড়েছে। স্বাদের তৃষ্ণা মেটাতে তারা সাধারণত হোটেল-রেস্তোরাঁর ওপরই নির্ভর করেন। তবে ঘরেও এসব খাবার তৈরি করতে অনেকেই খুব আগ্রহী থাকেন। তাদের জন্য এ আয়োজনে চারটি অ্যারাবিয়ান খাবারের রেসিপি দিয়েছেন রান্নাঘর-এর এক্সিকিউটিভ শেফ জাকির হোসেন ও ছবি তুলেছেন তন্ময় মির্জা
স্পেশাল পায়েস
উপকরণ :ব্রেড ক্রাম্ব ১০০ গ্রাম, খেজুরের গুড় ৫০ গ্রাম, কাজু বাদাম ১২০ গ্রাম, পোলাওয়ের চাল ৫০ গ্রাম, দুধ ২০০ গ্রাম, এলাচ ২টি, পানি ৫০ গ্রাম, চিনি ১০০ গ্রাম
প্রণালি :পোলাও চাল ভালো করে ধুয়ে নিন, এরপর পরিমাণমতো পানি দিয়ে সঙ্গে দুধ ও এলাচ দিয়ে ৪০ মিনিট ভালো করে জ্বাল দিয়ে ঘন পায়েস তৈরি করে নিন। এরপর ব্রেড ক্রাম্বের সঙ্গে চিনি মিক্স করে ঝরঝরে করে নিন। এরপর প্রস্তুতকৃত পায়েস ও ঝরঝরে ব্রেড ক্রাম্ব পরতে পরতে সাজিয়ে নিন। সবশেষে খেজুরের গুড় ও কাজু বাদাম মিক্স করে ওপরে সাজিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেল স্পেশাল পায়েস।
চিকেন মাজবুস
উপকরণ :বাসমতি চাল ২৫০ গ্রাম, তেল ২ টেবিল চামচ, মুরগি অর্ধেক, পানি ১ লিটার, পেঁয়াজ ৫টি, রসুন ১টি, লবণ পরিমাণমতো, আদা কুচি অল্প পরিমাণ, গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া ১/৪ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১/২ টেবিল চামচ, ধনে গুঁড়া ১/২ টেবিল চামচ, তেজপাতা ২টি, আস্ত গরম মসলা অল্প পরিমাণ, লেবু ১টি, সিদ্ধ বুটের ডাল ১০০ গ্রাম, পুদিনা পাতা অল্প পরিমাণ, কিশমিশ ৫০ গ্রাম।
চিকেন স্টকের জন্য প্রণালি :১ লিটার পানিতে অর্ধেক মুরগি, পেঁয়াজ ৩টি, রসুন ১টি, গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া ১/৪ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১/২ টেবিল চামচ, ধনে গুঁড়া ১/২ টেবিল চামচ, তেজপাতা ২টি, আস্ত গরম মসলা অল্প পরিমাণ, লেবু ১টি। এসব পরিমাণমতো লবণ দিয়ে ৩০ মিনিট সিদ্ধ করে স্টক তৈরি করে নিতে হবে।
প্রণালি :প্যানে ২ টেবিল চামচ তেল, ১ কাপ পেঁয়াজ কুচি ও অল্প আদা কুচি দিয়ে ভালো করে ভেজে নিন। এরপর চিকেন স্টকটি ঢেলে দিন তাতে। চাল আশি ভাগ সিদ্ধ হয়ে এলে ঢাকনা দিয়ে আটকে দিতে হবে যাতে ধোঁয়া বাইরে বের হতে না পারে। ১০ মিনিট পর বুটের ডাল, কিশমিশ ও পুদিনাপাতা দিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন মাজবুস।
ইমাম বালদিয়া
উপকরণ :মাঝারি বেগুন ১টি, সয়াবিন তেল ২ টেবিল চামচ, গরুর মাংস ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি করে কাটা ১টি, রসুন কুচি করে কাটা ১টি, টমেটো কুচি করে কাটা ১টি, টমেটো পেস্ট ১ চামচ, জিরা ১ চা চামচ, মরিচ গুঁড়া ১/২ চামচ, ধনিয়া ১/২ চামচ, লবণ ১ চামচ, ফ্রেশ ক্রিম ১০০ গ্রাম, ক্যাপসিকাম কুচি ১টি, লেবুর রস ১/২ চামচ, গাজর কুচি ১টি, ধনেপাতা কুচি পরিমাণমতো।
প্রণালি :মাঝারি সাইজের বেগুন মাঝখানে কেটে নিন। ডিপ ফ্রাই করে নিন। এরপর প্যানে সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি ভালো করে ভেজে নিন। কিউব করে কাটা মাংস প্যানে ছেড়ে দিন। মাংস ভাজা হয়ে এলে তাতে গাজর কুচি ছেড়ে দিন। এরপর একে একে জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও লবণ দিয়ে দিন। মাংস কষিয়ে নিন। কষানো মাংসে ফ্রেশ ক্রিম ছেড়ে দিন। ভালো করে মিক্স করে নিন। সবশেষে ক্যাপসিকাম কুচি ও ধনেপাতা দিয়ে দিন। পরিশেষে লেবুর রস দিয়ে ২ মিনিট রান্না করে ভাজা বেগুনের সঙ্গে পরিবেশেন করুন।
চিংড়ি বিরিয়ানি
উপকরণ :বাসমতি চাল ৫০০ গ্রাম, চিংড়ি ১০ পিস মাঝারি সাইজের, তেল ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১০০ গ্রাম, রসুন কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি অল্প পরিমাণ, পুদিনা পাতা কুচি অল্প পরিমাণ, জিরা গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, শাহি জিরা অল্প পরিমাণ, ঘি ১ চামচ, আস্ত গরম মসলা পরিমাণমতো।
প্রণালি :প্রথমে হাঁড়িতে তেল দিয়ে নিন। এরপর আস্ত গরম মসলা, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভাল করে ভেজে নিন। বাদামি কালার হয়ে এলে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, শাহি জিরা, গরম মসলা গুঁড়া দিন। তাতে অল্প পানি দিয়ে কষিয়ে নিন। এরপর পরিষ্কার করে রাখা চিংড়িগুলো একে একে দিয়ে দিন। অল্প রান্না হলে চিংড়িগুলো উঠিয়ে নিন। এবার পরিমাণমতো পানি দিয়ে বাসমতি চাল ছেড়ে দিন তাতে। চাল আশি ভাগ সিদ্ধ হয়ে এলে ওপরে চিংড়ি বিছিয়ে এর ওপরে ধনে পাতা কুচি, পুদিনাপাতা কুচি ও ঘি দিয়ে অল্প আগুনে দমে রাখুন ২০ মিনিট। এরপর সুস্বাদু মুখরোচক চিংড়ি বিরিয়ানি পরিবেশন করুন।
