সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২০:০১

বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মংলা মহাসড়কের শ্যামবাগাত মোড়ের অদূরে মোটরসাইকেল ও মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে মোটরসাইকেল চালক নজরুল ইসলাম দুলাল (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার বিকেলে হ্যামকো কোম্পানির হিল শাখার ওই কর্মকর্তা নিহত হন। নিহত নজরুল ইসলাম চুয়াডাঙ্গা জেলাসদরের আলমডাংগা গ্রামের মৃত মোসলেম মৃধার পুত্র।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, নজরুল ইসলাম মোটরসাইকেল যোগে খুলনার উদ্দেশ্যে যাওয়ার পথে একটি মিনি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

আরও পড়ুন: রাবির সাবেক উপ-উপাচার্য ওয়াজেদ আলী আর নেই

কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম জানান, বৈদ্যুতিক পিলার ঠেলা গাড়িতে বহনকারী একটি মিনি পিকআপের  সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছিল। ঘাতক পিকআপটি আটক করা গেলেও চালক পালিয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

ইত্তেফাক/আরআই