নড়াইলের লোহাগড়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কিশোরীর বাবা।
মামলা সূত্রে জানা গেছে, লোহাগড়ার চর আড়িয়ারা এলাকার ওই কিশোরী (১৪) গত বুধবার (৮জানুয়ারি) ইতনা ইউনিয়নের লংকারচর গ্রামে খালাবাড়িতে বেড়াতে যান। এরপর রবিবার (১২ জানুয়ারি) বিকালে খালাবাড়ি থেকে নিজ চাচা বাড়ি চরআড়িয়ারা এলাকায় ফিরে আসেন। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাচা বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে চাচা বাড়ির কাছে রাস্তার উপর থেকে মুখ চেপে ধরে চর আড়িয়ারা গ্রামের মিকাইল মোল্যার ছনের জমিতে নিয়ে ওই গ্রামের আলামিন মোল্যা (১৮) কিশোরীকে ধর্ষণ করে। এ সময় অভিযুক্ত ধর্ষককে একই গ্রামের শিহাব মোল্যা, মকুল মোল্যা, জাহাঙ্গীর মোল্যা ও ইয়াসিন মোল্যা সহযোগিতা করে।
ওই কিশোরীর চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে তাকে তার বাড়ি নিয়ে যায়। সোমবার (১৩ জানুয়ারি) সকালে লোহাগড়া হাসপাতালে কিশোরীকে চিকিৎসা দেওয়া হয়। লোহাগড়া হাসপাতাল থেকে পরে তাকে নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা।
আরো পড়ুন: চা বানিয়ে খাওয়ালেন আতিকুল ইসলাম
লোহাগড়া থানার ওসি(তদন্ত) মো. আমানুল্লাহ আল-বারী বলেন,‘ কিশোরীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে সোমবার পাঁচজনের নামে মামলা দায়ের করেছেন। মামলা নং-৫। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এএএম
