স্পোর্টস ডেস্ক
বছরের শুরুটা হ্যাটট্রিক দিয়ে করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত রবিবার হ্যাটট্রিক না পেলেও তার গোলে জুভেন্তাস ২-১ ব্যবধানে রোমাকে হারিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে। তবে তালিকার পাঁচে থাকা রোমাকে হারালেও দলের পারফরম্যান্স তৃপ্তি দিচ্ছে না কোচ মাউরিজিও সারিকে। দ্বিতীয়ার্ধ্বে দলের পারফরম্যান্সকে রীতিমতো তুলোধুনো করেছেন তিনি।
রবিবার রাতে প্রতিপক্ষের মাঠে পাওলো দিবালার ক্রসে মেরিহ দেমিরাল গোল করলে তৃতীয় মিনিটেই এগিয়ে যায় জুভেন্তাস। ১০ মিনিটে পেনাল্টি থেকে রোনালদো দলের ব্যবধান দ্বিগুণ করলে বড়ো ব্যবধানের হারকেই নিয়তি মনে হচ্ছিল রোমার। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জুভেন্তাস রং হারিয়েছে ধীরে ধীরে। দ্বিতীয়ার্ধ্বে দিয়েগো পেরোত্তির পেনাল্টি থেকে রোমা ব্যবধান কমালে ড্রয়ের শঙ্কাও উঁকি দিচ্ছিল জুভেন্তাস শিবিরে। তবে শেষমেশ এই ব্যবধান নিয়েই ম্যাচ শেষ করে জুভেন্তাস।
এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ইন্টার মিলানকে সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসে জুভেন্তাস। সমানসংখ্যক ম্যাচে ইন্টারের সংগ্রহ ৪৬ পয়েন্ট। তবে শীর্ষে ফিরলেও দলের পারফরম্যান্সে খুশি নন কোচ সারি। জানালেন, শেষ দিকে ব্যবধান বাড়ানোর চেষ্টা করেনি তার দল।
স্কাই স্পোর্তস ইতালিয়াকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ সারি বলেন, ‘ম্যাচের প্রথম ৬০ মিনিটে দারুণ খেলেছি আমরা। আমি যেটা পছন্দ করিনি তা হলো আমরা ব্যবধান বাড়ানোর চেষ্টার বদলে অগ্রগামিতা ধরে রাখার জন্যে রক্ষণকাজটাই করে গেছি এরপর। তিনবার প্রতি আক্রমণে ওপরে উঠে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারিনি।’
রোমার মাঠ স্তাদিও অলিম্পিকো প্রায়ই বড়ো দলগুলোর বধ্যভূমি হয়ে দাঁড়ায়। এক মৌসুম আগে এখানেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রোমার কাছে ৩-০ ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছিল বার্সেলোনাকে। গেলো মৌসুমে জুভেন্তাস নিজেও ২-০ ব্যবধানে হারের কবলে পড়েছিল রোমের এই স্টেডিয়ামে। সে কথাও অবশ্য মাথায় রাখছেন সারি, ‘স্তাদিও অলিম্পিকোয় রোমার বিপক্ষে ভোগান্তিতে পড়াটা অবশ্যম্ভাবীই।’
