মুন্সীগঞ্জে ১২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২১:৩৪

মুন্সীগঞ্জে ১৪টি কারখানা হতে ১২ কোটি ৬৪ লাখ টাকা মূল্যের ৬৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. মনিরুজ্জামানের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবিরের নেতৃত্বে রবিবার সকাল ১০ থেকে দিনব্যাপী এই অভিযান চলে।

অভিযানে জেলা মৎস্য অফিস ও পুলিশের সহায়তায় কমবিং অপারেশনের ১ম পর্যায়ের শেষ দিনে ১৪টি কারখানায় অভিযান চালিয়ে ৬৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ বিপুল পরিমাণ মনোফিলামেন্ট সুতা জব্দ করা হয়েছে। অভিযান সমাপ্ত ঘোষণার পর সন্ধ্যার পর মুক্তারপুর বাঘবাড়ী কবরস্থান সংলগ্ন ধলেশ্বরী নদীর তীরে জব্দকৃত মালামাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানটি পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের উপপরিচালক সৈয়দ মো. আলমগীর, জেলা মৎস্য অফিসার মো. জিল্লুর রহমান, সিনিয়র সহকারী মৎস্য পরিচালক সুনীল মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/আরকেজি