স্পোর্টস ডেস্ক
ফুলহ্যাম কোচ ক্লদিও রানিয়েরি জানিয়েছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহোকে ফুটবলের হূদপিন্ড বলে মনে করেন তিনি। ইউনাইটেড থেকে চাকরিচ্যুত হবার পরে মরিনহোকে বেশিদিন ফুটবলের বাইরে না থাকার পরামর্শও দিয়েছেন রানিয়েরি।
ওল্ড ট্র্যাফোর্ডের ডাগ আউটে আড়াই বছর কাটানোর পর গেল মঙ্গলবারে বরখাস্ত হন মরিনহো। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুলের কাছে ৩-১ ব্যবধানের হারই অমঙ্গল ডেকে এনেছিলো পর্তুগীজ এই কোচের।
মরিনহোর সাবেক দল রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নেবার ব্যাপারে জোর গুঞ্জন ভেসে বেড়াচ্ছে সংবাদ মাধ্যমে। রানিয়েরিও দুটো চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই কোচকে তাগিদ দিলেন শীঘ্রই কোচিংয়ে ফিরে আসার। ফুলহ্যাম কোচ বলেন, ‘আমি তাকে একটি ক্ষুদে বার্তা পাঠিয়েছি। আমরা দুজনে বেশ বন্ধুভাবাপন্ন।’
ফুলহ্যাম কোচ বলেন, ‘আমি মনে করি মরিনহোর মত মানুষের তাড়াতাড়িই ফিরে আসা উচিত। আন্তোনিও কন্তের ব্যাপারেও একই কথা প্রযোজ্য। এই কোচেরা হচ্ছেন ফুটবলের হূদপিন্ড। তারা প্রতিটি দেশই জয় করে আসেন। তাদেরকে মাঠে দেখাটা প্রত্যেক দলের কোচের জন্যই ভালো ব্যাপার।’
মরিনহোর চাকরিচ্যুতির ফলে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন ইউনাইটেডেরই সাবেক ফরোয়ার্ড ওলে গুনার সোলসার। তবে সামনের মৌসুমে টটেনহ্যাম কোচ মরিসিও পচেত্তিনো দলটির দায়িত্ব নেবার ব্যাপারে জোর গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ইংলিশ সংবাদ মাধ্যমে।
পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুল থেকে ১৯ পয়েন্ট পিছিয়ে টেবিলের ষষ্ঠস্থানে অবস্থান করছে ম্যানইউ। অন্যদিকে তালিকার একেবারে নিচুতে আছে রানিয়েরির দল ফুলহ্যাম। বড়দিনের আগে শেষ ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
