১৯২তেই বছর শেষ বাংলাদেশের

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২১:০৩

স্পোর্টস ডেস্ক

বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের চাইতে এগিয়ে থেকে ফিফার বিশ্ব র্যাংকিংয়ে শীর্ষ দল হিসেবেই বছরটি শেষ করতে যাচ্ছে বেলজিয়াম। অপরদিকে নিজেদের অবস্থান অপরিবর্তিত থাকলেও ২১১ দেশকে নিয়ে গড়া এ তালিকায় বাংলাদেশের অবস্থান আগের মতোই ১৯২।

অথচ ১৯৯৩ সালে ফিফার বিশ্ব র্যাংকিং চালুর সময় বাংলাদেশের অবস্থান ছিল ১১৬তম। ১৯৯৯ সালে ১৩০, ২০০৬ সালে ১৪৪ ও ২০০৯ সালে ১৪৯ এ ছিল বাংলাদেশ। এরপর থেকেই বাংলাদেশ ফুটবল দলের অধোগতি থামছে না।

সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে বাংলাদেশের পেছনে আছে কেবল ১৯টি দেশ। এর মধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলো হলো পাকিস্তান ও শ্রীলঙ্কা।

দক্ষিণ এশিয়ায় সবার উপরে আছে ভারত। বিশ্ব র্যাংকিংয়ে তাদের অবস্থান ৯৭তম। এ অঞ্চলে  বাংলাদেশের সামনে আছে  ভুটান (১৮৬), নেপাল (১৬১) ও মালদ্বীপ (১৫২)।

গত বৃহস্পতিবার বছরের শেষ এ তালিকা প্রকাশ করে ফুটবলের বিশ্ব সংস্থা।

এশিয়ায় সবার উপরে আছে ইরান। তাদের অবস্থান ২৯তম। ৫ জানুয়ারি শুরু হতে যাওয়া এশিয়ান কাপে ইরান শীর্ষ দল হিসেবেই অংশ নিবে। তাদের পেছনে আছে অস্ট্রেলিয়া (৪১তম), জাপান (৫০তম), দক্ষিণ কোরিয়া (৫৩তম) ও সৌদি আরব (৬৯তম)।

এদিকে বেলজিয়ামের শীর্ষে ওঠা আসাটা কেবল এক পয়েন্টের ব্যবধানে। দলটি এক হাজার ৭২৭ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে। তাদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। এ বছর কেবল দুটি ম্যাচ হেরেছে বেলজীয়রা। এর একটিতে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে ফরাসিদের কাছে ১-০ গোলে হেরেছে তারা। অপর হারটি ছিল সুইজারল্যান্ডের বিপক্ষে।

ব্রাজিল তিন নম্বর স্থান ধরে রেখেছে। চার নম্বরে আছে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। ইংল্যান্ড ও পর্তুগাল আছে যথাক্রমে পাঁচ ও ছয় নম্বরে। উরুগুয়ে, সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্ক শীর্ষ দশের মধ্যেই আছে। এর পরেই আছে আর্জেন্টিনা (১১), কলম্বিয়া (১২) ও চিলি (১৩)।

পুনরুজ্জীবিত নেদারল্যান্ড আছে ১৪তম স্থানে। যদিও চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির জন্য বছরটি ছিল খুবই শোচনীয়। সর্বশেষ র্যাংকিংয়ে তাদের অবস্থান ১৬তম। নতুন করে গড়ে ওঠার মধ্যে থাকা ইতালি বছরটি শেষ করলো ১৮তম স্থানে থেকে।

আফ্রিকায় সেরা দল হলো সেনেগাল। তাদের অবস্থান ২৩তম। দেশটির পেছনে আছে তিউনিশিয়া (২৬), মরক্কো (৪০), নাইজেরিয়া (৪৪) ও কঙ্গো (৪৯)। কনকাকাফ অঞ্চলের শীর্ষে আছে মেক্সিকো (১৭)। অপরদিকে যুক্তরাষ্ট্র আছে ২৫তম স্থানে।