চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিজয়ী মোসলেম উদ্দীন

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২২:২৭

জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোসলেম উদ্দিন আহমদ। ভোটে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানকে ৬৯ হাজার ৪১১ ভোটে হারিয়েছেন তিনি। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ হয়। রাতে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমনেসিয়াম প্রাঙ্গণে ভোটের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান। এর ফলে প্রায় চার দশক পর এই আসনে আওয়ামী লীগের কোনো নেতা সংসদে  প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৮ হাজার ৫৮১ জন।           ভোটের হার ২২ দশমিক ৯৪ শতাংশ। নগরী ও উপজেলা মিলে মোট কেন্দ্র ১৭০টি। প্রাপ্ত ফলাফলে মোসলেম উদ্দিন আহমদ পেয়েছেন ৮৭ হাজার ৩৪৬ ভোট। আবু সুফিয়ান  পেয়েছেন ১৭ হাজার ৯৩৫ ভোট। নির্বাচনে সম্পূর্ণ ইভিএমে ভোট গ্রহণ করা হয়েছে।