বনানীতে ১১ তলা থেকে পড়ে ইন্স্যুরেন্স কর্মকর্তার মৃত্যু

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০০:৩৯

রাজধানীর বনানীতে নিজ অফিসের ১১ তলা থেকে পড়ে সানলাইফ ইন্স্যুরেন্সের আইটি বিভাগের প্রধান হুমায়ুন কবিরের (৫২) রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে বনানীর ২৯, কামাল আতাতুর্ক অ্যাভিনিউর বিটিআই টাওয়ারে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। তবে কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, হুমায়ুন কবির কীভাবে ১১ তলা থেকে নিচে পড়েছেন তা তারা জানেন না।

বনানী থানার ওসি নূরে আজম মিয়া বলেন, ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। এ বিষয়ে জানার জন্য চেষ্টা করা হচ্ছে।

ওসি জানান, গতকাল দুপুরে বনানীর বিটিআই টাওয়ারের ১১ তলায় অফিসে কাজ করছিলেন হুমায়ুন কবির। হঠাত্ অফিসের জানালা দিয়ে নিচে পড়েন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ বিষয়ে সানলাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এ কে এম শরিফুল ইসলাম বলেন, ‘ঘটনার সময় হুমায়ুন কবির রুমে একা ছিলেন। ঘটনার সঙ্গে সঙ্গে আমরা সেখানে পৌঁছাই। কিন্তু কীভাবে এ ঘটনা ঘটেছে তা আমরা নিশ্চিত নই। তবে ধারণা করছি, এটি আত্মহত্যা।’