আইনজীবীদের জন্য সমৃদ্ধশালী লাইব্রেরি করতে সব করা হবে : আইনমন্ত্রী

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০০:৪২

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সুপ্রিম কোর্টের আইনজীবীদের জন্য একটি আধুনিক ও সমৃদ্ধশালী লাইব্রেরি করতে যা যা দরকার তার সব ব্যবস্থা করা হবে। তিনি বলেন, আমি আপনাদেরই একজন। আইন পেশার সঙ্গে আমার শুধু এক পুরুষের সম্পর্ক না, এর সঙ্গে আমার দুই-তিন পুরুষের সম্পর্ক। গতকাল সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবীদের লাইব্রেরির জন্য ৩০ লাখ টাকার চেক প্রদান অনুষ্ঠানে আইনমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমি মনে করি সুপ্রিম কোর্ট বারের যে লাইব্রেরি আছে এটি হওয়া উচিত এশিয়া মহাদেশের সকল বারের থেকেও সমৃদ্ধশালী। বারের জন্য এই ৩০ লাখ টাকা প্রধানমন্ত্রীর উপহার। এটাই শেষ নয়, প্রত্যেক বছর ৩০ লাখ টাকা করে পাবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকনের সঞ্চালনায় চেক প্রদান অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।