ইয়াবাসহ মা, মেয়ে ও ছেলে গ্রেফতার

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০২:২৩

মঠবাড়িয়ায় পুলিশ অভিযান চালিয়ে আসমা আক্তার (২২), তার ভাই মোঃ হাসান (১৯) ও তাদের মা নুরজাহান বেগম (৫৫) নামের পেশাদার তিন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার বিকালে পুলিশের একটি দল শহরের দক্ষিণ মিঠাখালী গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান বিকাল ৫টায় প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা পৌর শহরের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো. রত্তন হাওলাদারের স্ত্রী, ছেলে ও মেয়ে। 

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে বিকালে মঠবাড়িয়া থানার এসআই পারভিন ও এসআই মোঃ মাইনুল ইসলাম এক দল পুলিশ নিয়ে অভিযান চালান। এসময় মাদকব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হাতে নাতে তাদের ইয়াবাসহ আটক করে। তারা দীর্ঘদিন ধরে বাড়ি থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করে আসছিল।

ওসি মো. মাসুদুজ্জামান জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর আগে তাদের একাধিকবার মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল। আগামীকাল মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

ইত্তেফাক/আরকেজি