টেকনাফে ইয়াবাসহ দুইজন আটক

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২১:০৯

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফে বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ২৮ হাজার ৮৭৮ পিস ইয়াবা উদ্ধার করেছে। মাদক পাচারে সংশ্লিষ্টতার অভিযোগে রোহিঙ্গা নারীসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করে থানায় সোপর্দ করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি চেকপোস্টে একটি টহল দল টেকনাফ হতে হ্নীলাগামী একটি সিএনজি যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ২৬নং ঘরের বাসিন্দা মোঃ রশিদের স্ত্রী মাবিয়া খাতুনকে আটক করে। পরে ধৃত আসামিকে ৪৫ পিস ইয়াবাসহ ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে অবশিষ্ট ৯ হাজার ৮শ পিস ইয়াবা ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

অপরদিকে, বিকাল ৪টায় শীলখালী অস্থায়ী চেকপোস্টে একটি টহল দল কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে যাত্রীর হাতে থাকা ব্যাগের ভেতর হতে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ২৭ লাখ ৯ হাজার ৯শ টাকা মূল্যমানের ৯ হাজার ৩৩ পিস ইয়াবাসহ টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিব পাড়ার মোঃ কবির আহমদের পুত্র মোঃ সাবের ইসলাম (৩১) কে আটক করে। ধৃত আসামিকে ৪৮ পিস ইয়াবাসহ ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং অবশিষ্ট ৮ হাজার ৯৮৫ পিস ইয়াবা পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।