পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাহামুদকাঠি গ্রামে চুরি করতে গিয়ে গৃহবধূ মঞ্জুয়ারা বেগমকে হত্যা মামলায় শাকিল ও আরেফিন নামের দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সামছুল হক এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলো নেছারাবাদ উপজেলার সংগীতকাঠি গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে শাকিল, একই উপজেলার মাহামুদকাঠি গ্রামের আব্দুল হামেদের ছেলে আরেফিন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাইফুর রহমান, শাহাদাত্ হোসেন ও মো. শুভ নামের তিন আসামিকে খালাস দেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৩ জুলাই রাতে শাকিল ও আরেফিন নেছারাবাদ উপজেলার মাহামুদকাঠি গ্রামের আবু জাফরের ঘরে চুরি করতে ঢুকে। তারা স্বর্ণালঙ্কার ও নগদ ৯০ হাজার টাকা লুট করে। মঞ্জুয়ারা বেগম চোরের উপস্থিতি টের পেয়ে টর্চ লাইট জ্বালিয়ে শাকিল ও আরেফিনকে চিনে ফেলে। এরপর সাকিল ও আরেফিন মঞ্জুয়ারা বেগমকে শ্বাসরোধে হত্যা করে।
