তাড়াশ পৌর শহরে নেই গণশৌচাগার

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২১:৩৪

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

উপজেলার পৌর শহরের ব্যস্ততম তাড়াশ বাজারে নেই গণশৌচাগার। এতে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও ক্রেতারা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে বাজারে আসা নারীরা। গণশৌচাগার না থাকায় বাধ্য হয়েই বাজারের বিভিন্ন ভবনের চিপায় ও রাস্তার পাশে মলমূত্র ত্যাগ করছেন অনেকে। এতে একদিকে যেমন ভোগান্তিতে পড়ে পথচারীরা, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে শহরের সৌন্দর্য ও পরিবেশ।

সরেজমিনে দেখা গেছে, বাজারের সড়কের পাশে ছড়িয়ে আছে মলমূত্র। গন্ধে পথচারীরা নাকেমুখে রুমাল চেপে হাঁটছেন। ব্যবসায়ী শিহাব উদ্দিনসহ অনেকে জানায়, সকাল থেকে রাত অবদি তাদের দোকানেই থাকতে হয়। শৌচাগার না থাকায় বেশির ভাগ সময় প্রস্রাব-পায়খানা আটকে রাখতে হয়। কেবল না পারলেই দোকান থেকে বের হই। শহরে নানা কাজে উপজেলার ২৪৮টি গ্রামের বহুসংখ্যক মানুষ এখানে আসে। কিন্তু এখানে নেই কোনো গণশৌচারগার। বর্তমানে শহরে অন্যতম সমস্যার একটি হচ্ছে এটি। লাকি পারভিন, জিতু আকতারসহ বেশ কয়েকজন জানায়, নারীদের জন্য শৌচাগার সমস্যা আরো বেশি। নিরূপায় হয়ে তারা বাড়ি থেকে শহরে আসার সময় পরিমাণের তুলনায় পানি কম খেয়ে আসেন।  এদিকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা জামাল মিয়া বলেন, প্রস্রাব-পায়খানা আটকে রাখা ও প্রয়োজনের তুলনায় পানি কম খাওয়া মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এভাবে শরীরে জটিল রোগের সৃষ্টি হয়। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও পৌর প্রশাসক মো. ওবায়দুল্লাহ দৈনিক ইত্তেফাককে বলেন, টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে শিগগিরই পৌর শহরের তাড়াশ বাজারে শৌচাগার নির্মাণ করা হবে।