ফরিদপুর-৪ আসনে নিক্সন চৌধুরীর সিংহ প্রতীকের প্রচারণায় সরব চরভদ্রাসন

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২১:৫৭

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা,সদরপুর ও চরভদ্রাসন) উপজেলার বর্তমান এমপি মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)-এর সিংহ প্রতীকের নির্বাচনী প্রচারণায় সরব হয়ে উঠেছে চরভদ্রাসন উপজেলা। ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্যে উপজেলার বিভিন্ন হাট বাজার ও গ্রামগঞ্জে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিকালে কয়েক হাজার কর্মী সমর্থকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপজেলা পরিষদ সংলগ্ন সিংহ মার্কার নির্বাচনী অফিসের সামনে হতে বিশাল এক মিছিল বের করা হয়। মিছিলটি সদর বাজার হয়ে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় সড়ক ও রোকনউদ্দিন সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সড়ক হয়ে উপজেলা পরিষদের পাশে এক সংক্ষিপ্ত সভা করে।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মাস্টার বলেন ‘আমি ৪৫ বছর এ উপজেলায় আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছি। বিগত ৪৫ বছরে এ উপজেলায় যে উন্নয়ন হয়নি গত পাঁচ বছরে এমপি নিক্সন চৌধুরী এ উপজেলায় সে উন্নয়ন করেছে। শুধু তাই নয়, নিক্সন চৌধুরী এমপি হওয়ার পর তিন উপজেলায় নানামুখী উন্নয়নের পাশাপাশি সুখে দুঃখে তৃণমূল মানুষের দোরগোড়ায় গিয়ে জয় করে নিয়েছে সাধারণ মানুষের মন’ নিক্সন চৌধুরীর উন্নয়ন’ মূল্যায়ন ও ভালোবাসায় শুধু আমিই নই তিন উপজেলায় আওয়ামী লীগের বড় একটা অংশ আজ নিক্সন চৌধুরীকে বিজয়ী করার লক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করছে।

ফরিদপুর-৪ আসনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে উন্নয়ন ও মূল্যায়নের প্রতীক নিক্সন চৌধুরীর সিংহ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে পুনরায় সাধারণ মানুষের সেবা করার আহ্বান জানান, আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মাস্টার”। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাস্টার, চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী মোল্যা, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্যা, যুবলীগ সভাপতি মো. মোরাদ হোসেন, সাবেক ভিপি মিজানুর রহমান, রাসেল জামান, মো. মোন্নাফ হোসেন, ইউপি সদস্য বারেক মণ্ডল ও কয়েক হাজার কর্মী সমর্থক।

একই দিন বিকেলে নৌকা প্রতীকের সমর্থনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় হতে বিশাল এক নির্বাচনী মিছিল বের করে স্থানীয় আওয়ামী লীগের নেতা ও কর্মী সমর্থকরা। এ ছাড়া ধানের শীষের প্রার্থী খন্দকার ইকবাল হোসেন সেলিমকে সঙ্গে নিয়ে উপজেলা বিএনপির কর্মী সমর্থকরা বিশাল মিছিল বের করে, হাতপাখা প্রতিকে ইসলামী আন্দলোনের আব্দুল হামীদ মাস্টার ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী কাস্তে মার্কায় আতাউর রহমান কালুকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা যায়।