দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গা-২ আসনে দামুড়হুদা-জীবননগর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হাজী আলী আজগার টগর এমপির নৌকা প্রতীকের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ধানের শীষের মাহমুদ হাসান খান বাবুর।
এ আসনে নৌকার প্রচারণা প্রকাশ্যে চললেও গোপনে প্রচারণা চলছে বিএনপি নেতা মাহমুদ হাসান খান বাবুর ধানের শীষ প্রতীকের। আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য হাজী আলী আজগার টগর এ আসনটি যেমন তৃতীয়বারের মতো ধরে রাখতে চান, তেমনি বিএনপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবু তাদের হারানো এ আসনটি পুনরুদ্ধারে চেষ্টা করছেন। এ আসনে এ ছাড়াও ইসলামী ঐক্যাজোটের হাসানুজ্জামান হাতপাখা প্রতীক, জাকের পার্টির প্রার্থী আব্দুল লতিফ খান যুবরাজ গোলাপ ফুল ও গণফ্রন্টের শেখ লালন আহম্মেদ মাছ প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন। নির্বাচনী মাঠে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর পাশাপাশি জাকের পার্টির প্রার্থী আব্দুল লতিফ খান যুবরাজের মাইকে প্রচার-প্রচারণা থাকলেও ইসলামী ঐক্যজোট ও গণফ্রন্ট প্রার্থীদের চোখে দেখা যাচ্ছে না।
জীবননগর ও দামুড়হুদা উপজেলা এবং চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহ, বেগমপুর, গড়ইটুপি এবং নিহালপুর ইউনিয়নসহ ২০টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে চুয়াডাঙ্গা-২ আসন।
