সিলেটে নির্মাণ হবে সৌদি-বাংলাদেশ মৈত্রী সিমেন্ট কারখানা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২২:০১

সিলেটের ছাতক সিমেন্ট কারখানার অব্যবহূত জমিতে সৌদি-বাংলাদেশ মৈত্রী সিমেন্ট কোম্পানি লিমিটেড নামে একটি নতুন কারখানা স্থাপন করা হবে। সৌদি আরবের প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং ডাইম্যানশন্স এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন যৌথ বিনিয়োগে অত্যাধুনিক প্রযুক্তির এ সিমেন্ট কারখানা নির্মাণ করবে। এ লক্ষ্যে গত বৃহস্পতিবার সৌদি ইঞ্জিনিয়ারিং ডাইম্যানশন্স এবং বিসিআইসির মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে সৌদি ইঞ্জিনিয়ারিং ডাইম্যানশন্স এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মোহাম্মদ এন. হিজি এবং বিসিআইসির পক্ষে সংস্থার চেয়ারম্যান শাহ মো. আমিনুল হক চুক্তিতে স্বাক্ষর করেন।

 চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. আবদুল হালিম উপস্থিত ছিলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সৌদি আরব সফরের পর দ্রুততার সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ বিনিয়োগ চুক্তির ধারাবাহিকতায় আগামী দিনে বাংলাদেশের আরও বড় প্রকল্পে সৌদি বিনিয়োগ আসবে। মোহাম্মদ এন. হিজি তার বক্তব্যে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশের প্রশংসা করেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিনিয়োগবান্ধব অবকাঠামোর ব্যাপক অগ্রগতি হয়েছে। সৌদি-বাংলাদেশ দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে। এ বিনিয়োগের ধারাবাহিকতায় বাংলাদেশে নতুন প্রকল্পে সৌদি বিনিয়োগ আসবে বলে তিনি জানান।