বিএনপি মানুষের চোখ দেখছে, মনের ভাষা বোঝেনি —মেনন

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২২:০২

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা-৮ আসনে মহাজোটের প্রার্থী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ নৌকা প্রতীকের পক্ষেই রায় দেবে। বিএনপি নেতারা মানুষের চোখ দেখছেন, কিন্তু তাদের মনের ভাষা বুঝতে পারেননি। গতকাল শুক্রবার রাজধানীর শান্তিনগর বাজার এবং ১৯ নং ওয়ার্ডে গণসংযোগকালে তিনি একথা বলেন।

গণসংযোগে ভোটারদের কাছে নিজের জন্য ‘নৌকা’য় ভোট চেয়ে ও প্রচারপত্র বিলি করে মেনন বলেন, জনগণ অতীতের নোংরা রাজনীতি ভুলে যায়নি। জনগণ অসামপ্রদায়িক, গণতান্ত্রিক, ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নৌকার পক্ষে রায় দেবে। গণসংযোগে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা দীপংকার সাহা দিপু, মোস্তফা আলমগীর রতন, পল্টন থানা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মুস্তবা জামান পপি, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, বাংলাদেশ যুব মৈত্রীর সহ-সভাপতি মাহবুব আলম জনি প্রমুখ।