মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশের এক নারীর সংগ্রামী জীবনের নাট্যপ্রকাশ ‘লাল জমিন’। শূন্যন রেপার্টরি থিয়েটারের প্রথম প্রযোজিত এই একক মঞ্চ নাটকটি বিগত বেশ কয়েক বছর ধরে মঞ্চস্থ করে যাচ্ছেন এই একক নাটকের গুণী অভিনেত্রী মোমেনা চৌধুরী। ‘লাল জমিন’ নাটকটি রচনা করেছেন মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। মঞ্চের একজন দাপুটে অভিনেত্রী হিসেবে দেশ-বিদেশে বেশ সুনাম কুড়িয়েছেন মোমেনা চৌধুরী। তার একক নাটক ‘লাল জমিন’-এর প্রথম মঞ্চায়ন হয় ২০১১ সালের ১৯ মে। এরই মধ্যে দুই শতাধিকবার নাটকটির মঞ্চায়ন হয়েছে। তার অভিনয় উপভোগও করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তবে এই মঞ্চ নাটকটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখানোরও স্বপ্ন রয়েছে মোমেনা চৌধুরীর। এদিকে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত ‘লালজমিন’-এর টানা মঞ্চায়ন নিয়ে ব্যস্ত থাকবেন তিনি। ১৪ জানুয়ারি রাজবাড়িতে ২২৪তম মঞ্চায়ন হবে ‘লালজমিন’-এর। পরে ১৭ জানুয়ারি ২২৫তম মঞ্চায়ন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, ২১ জানুয়ারি ২২৬তম মঞ্চায়ন শরীয়তপুরের গোসারইর হাটে, ২২ জানুয়ারি ২২৭তম মঞ্চায়ন ভেদরগঞ্জে, ২৩ জানুয়ারি ২২৮তম মঞ্চায়ন দামুদা উপজেলায়, ২৫ জানুয়ারি ২২৯তম মঞ্চায়ন নারিয়া উপজেলায়, ২৬ জানুয়ারি ২৩০তম মঞ্চায়ন শরীয়তপুর সদরে এবং ২৭ জানুয়ারি ২৩১তম মঞ্চায়ন হবে শরীয়তপুরের জাজিরাতে। মোমেনা চৌধুরী বলেন, ‘‘লালজমিন’কে আজকের পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে আমার পরিবার আমাকে যে ছাড় দিয়েছে, তাতে তাদের কাছে ভীষণ কৃতজ্ঞ। কারণ পরিবারের সহযোগিতা না পেলে অভিনয় চালিয়ে যাওয়া সম্ভব হয় না। দেশ-বিদেশে এরই মধ্যে অনেকেই ‘লালজমিন’ উপভোগ করেছেন। তারা এর প্রশংসা করেছেন। কিন্তু যেহেতু এটি মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশের এক নারীর সংগ্রামী জীবনের নাট্যপ্রকাশ, তাই এই নাট্যপ্রকাশটি মাননীয় প্রধানমন্ত্রীকে দেখানোর স্বপ্ন লালন করি। আমার বিশ্বাস একদিন না একদিন আমার এই স্বপ্ন পূরণ হবেই। আমার বিশ্বাস, যেহেতু এটি মুক্তিযুদ্ধভিত্তিক একটি নাটক। তাই সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করে তাঁকে ‘লালজমিন’ দেখানোর প্রবল ইচ্ছে আমার। আমি সব সময়ই কৃতজ্ঞতা প্রকাশ করি এই নাটকের নাট্যকার মান্নান হীরার কাছে। কারণ তিনি যদি এই নাটক না লিখতেন, তাহলে ‘লালজমিন’ আজ ইতিহাস হয়ে উঠত না। ধন্যবাদ এই নাটকের নির্দেশককে। কৃতজ্ঞতা জানাই সব দর্শককে। কারণ তারা যদি আগ্রহী না হতেন, তাহলে লালজমিন এতো দর্শকপ্রিয় হয়ে উঠত না।’ উল্লেখ্য, ‘লালজমিন’-এ সংগীত প্রয়োগ করেছেন মোমেনা চৌধুরীরই মেয়ে নভেরা রহমান। এর ১০০তম মঞ্চায়ন হয়েছে ২০১৭ মালের মার্চ মাসে। আর ২০০তম মঞ্চায়ন হয় ২০১৯ সালের ১৯ মার্চ বিমানবন্দরের বিএটিসি মিলনায়তনে। গেল বিজয়ের মাসে ১৩টি প্রদর্শনীর মাধ্যমে শেষ হয় এর ২০১৯ সাল। বছরের শেষদিন নরসিংদীর পুলিশ লাইনে ২২৩তম মঞ্চায়ন হয় ‘লালজমিন’-এর।
