‘মুজিব বর্ষ’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন প্রজন্মের চার জনপ্রিয় শিল্পী কিশোর, রন্টি, সাব্বির ও লুইপা। বুধবার মাইটিভির স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন তারা। মুজিব বর্ষ জেগে উঠুক সম্প্রীতির বর্ণিল উত্সবে/প্রজন্মের জাগরণে/মুজিব বর্ষ জেগে উঠুক লক্ষ-কোটি প্রাণের উচ্ছ্বাসে/ সৌহার্দ্যের বন্ধনে/পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে/লক্ষ কোটি তারার আলোর ঝলকানিতে—এমন কথার গানটি লিখেছেন সুজন হাজং। সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গান প্রসঙ্গে সংগীতশিল্পী কিশোর বলেন, ‘গানের কথা, সুর ও সংগীতায়োজন খুব চমত্কার। এই গানের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে পেরে গর্ব বোধ করছি।’
সংগীতশিল্পী লুইপা বলেন, ‘‘মুজিব বর্ষ’ শিরোনামের গানটি একটি উত্সবমুখর গান। মনে হয়েছে, বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আমরা চার জন গানটি গেয়েছি।’
সাব্বির বলেন, ‘গানের প্রতিটি লাইন হূদয়ে গেঁথে যাওয়ার মতো। অসাধারণ একটি গান! আশা করি ‘মুজিব বর্ষ’ গানটি শ্রোতাদের কাছে সমাদৃত হবে।’
রন্টি দাশ বলেন, ‘মনে হয়েছে গানটি গাওয়ার মাধ্যমে আমি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করেছি।’ গানটি প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, ‘‘মুজিব বর্ষ’ গানটি চার জন শিল্পীই অসাধারণ গেয়েছেন। চার জনের কণ্ঠেই আলাদা বৈশিষ্ট্য ও বৈচিত্র্য আছে। তাই গানটিতে বহুমাত্রিক আবেদন তৈরি হয়েছে। আশা করি, গানটি মুজিব বর্ষকে আরো উজ্জীবিত করবে।’ সম্প্রতি গানটি গীতিকার সুজন হাজংয়ের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
