অ্যাসিড-সন্ত্রাসের শিকার এক তরুণী মালতির ঘুরে দাঁড়ানোর গল্প ‘ছপাক’। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন দীপিকা পাডুকোন। ‘পদ্মাবত’-এ রাজপুত রানি পদ্মবতীর ভূমিকায় চমত্কার অভিনয়ের পর বেশ কিছুদিন স্বামী রণবীর সিং এবং সংসারের কাজকর্মে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। এ জন্য অভিনয়ে বিরতি দিয়েছিলেন তিনি। ‘পদ্মাবত’-এ ঐতিহাসিক চরিত্রে রূপদানের পর সমকালীন বাস্তবতার প্রেক্ষাপটে অ্যাসিড-সন্ত্রাসের শিকার এক তরুণীর চরিত্রে রুপালি পর্দায় উপস্থিত হয়ে দর্শক-সমালোচকদের বিপুলভাবে আলোড়িত করেছেন। সবাই দীপিকার দুর্দান্ত অভিনয়ে দারুণ মুগ্ধ! তার অভিনয়ের অনেক উজ্জ্বল উদাহরণ এর আগেও দর্শক দেখেছেন। তবে ‘ছপাক’-এ দীপিকার অভিনয়কে তার ফিল্মি ক্যারিয়ারের শ্রেষ্ঠ কাজ হিসেবে অভিহিত করছেন দর্শক-সমালোচকরা। দীপিকা এ ছবিতে সু-অভিনয়ের জন্য অনেক প্রশংসা পাচ্ছেন বটে, তবে প্রযোজক হিসেবে বক্স অফিসে মোটেও আনুকূল্য পাননি। ‘ছপাক’-এর মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া এই অভিনেত্রী। দীপিকার প্রত্যাশা ছিল, দর্শক তার প্রযোজিত সমাজ সচেতনতামূলক সুনির্মিত এ ছবি সাদরে গ্রহণ করবে। কিন্তু ‘ছপাক’ বলিউড বক্স অফিসে ব্যর্থ হয়েছে। তবে আগামী বছর সেরা অভিনেত্রীসহ বেশ কিছু পুরস্কার এ ছবির জন্য নির্ধারিত থাকবে, অনেকেই অনুমান করছেন। ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘তামাশা’, ‘পিকু’র মতো ব্যবসাসফল সিনেমার পর দীপিকা ফ্লপ সিনেমার স্বাদ গ্রহণ করলেও একটি সমাজ সচেতনতামূলক সিনেমা নির্মাণের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকতে পেরে গৌরব বোধ করছেন। দীপিকার প্রত্যাশা, ‘ছপাক’ অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ মানুষকে আরো বেশি সচেতন করবে এবং শক্তিশালী জনমত গড়ে তুলবে। এ বছরেই তাকে বিখ্যাত ক্রিকেটার কপিল দেবের বায়োপিক ‘এইট্টি থ্রি’-তে কপিল পত্নী রোমির ভূমিকায় দেখা যাবে। এ ছবিতে স্বামী রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এর বাইরে সাকুন যাত্রার নাম ঠিক না হওয়া নির্মিতব্য রোমান্টিক ড্রামা ধাঁচের ছবিতে অনন্যা পান্ডে এবং ‘গাল্লি বয়’ খ্যাত নতুন মুখের অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদির সঙ্গে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ‘মহাভারত’ অবলম্বনে নির্মিতব্য ছবিতে দ্রৌপদী সাজবেন দীপিকা। এ ছবির প্রযোজকও তিনি। সব মিলিয়ে চমত্কার সহজ-সাবলীল গতিতে এগিয়ে চলেছে তার ক্যারিয়ার।
