‘মুজিব বর্ষ’ উদযাপনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নাট্যকলা বিভাগ ‘মুক্তির চেতনায় শিল্পিত সৃজন চতুর্থ বার্ষিক নাট্যোত্সব-২০২০’ আয়োজন করেছে। তিন দিনব্যাপী এই নাট্যোত্সব শুরু হবে আজ। যা চলবে শুক্রবার পর্যন্ত।
নাট্যোত্সবে প্রধান অতিথি হিসেবে থাকছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। উত্সবের উদ্বোধন করবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে থাকছেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী এবং কবি ও সাংবাদিক আবুল মোমেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ ও নাট্যকলা বিভাগের জিয়া হায়দার স্টুডিওতে এ আয়োজনে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের ওপর ভিত্তি করে থাকছে ১১টি নাটক প্রদর্শনী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা।
এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীনকে এ উত্সবে সম্মাননা জানানো হবে।
উত্সব উদ্যাপন কমিটির আহ্বায়ক ও চবির নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীম হাসান এ বর্ণিল উত্সবের সফল আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে একটি উত্সবমুখর পরিবেশ সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেছেন।
