ত্রিপোলির কাছে হাফতার বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২০:৫৮

লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নেতা খলিফা হাফতারের বাহিনী। মঙ্গলবার রাতে লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের সামরিক মুখপাত্র মুহাম্মাদ কুনুনু এক বিবৃতিতে এ হামলার খবর নিশ্চিত করেছেন। এদিকে এর আগেই হাফতার বাহিনীকে ‘উপযুক্ত শিক্ষা’ দেওয়ার ঘোষণা দেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।

গত নয় মাস ধরে লিবিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হাফতার বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। সম্প্রতি তুরস্ক ও রাশিয়ার মধ্যস্থতায় একটি অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করে দেশটির জাতিসংঘ সমর্থিত সরকার। কিন্তু মঙ্গলবার চুক্তি স্বাক্ষর না করেই মস্কো ছাড়েন খলিফা হাফতার।

এদিকে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ‘খলিফা হাফতার ও তার বাহিনী যদি লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখে, তাহলে তাদের উপযুক্ত শিক্ষা দেবে আঙ্কারা। কেননা লিবীয় স্বজনদের রক্ষা করা আমাদের দায়িত্ব।’ মঙ্গলবার রাশিয়া ও তুরস্কের উদ্যোগে অস্ত্রবিরতি চুক্তি হাফতার নাকচ করে দেওয়ার পর তিনি এমন মন্তব্য করেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, লিবিয়ার সঙ্গে তুরস্কের ঐতিহাসিক ও সামাজিক সম্পর্ক রয়েছে। আঙ্কারা হস্তক্ষেপ না করলে হাফতার পুরো দেশটি দখল করে ফেলত। আগামী রবিবার লিবিয়া পরিস্থিতি নিয়ে বার্লিনে জার্মানি, যুক্তরাজ্য ও রাশিয়াসহ বেশ কয়েকটি দেশের বৈঠকে অংশ নেবে তুরস্ক। জানুয়ারির গোড়ার দিকে ত্রিপোলিতে সেনা মোতায়েনের জন্য একটি প্রস্তাব পাশ করে তুর্কি পার্লামেন্ট। আমিরাত সমর্থিত হাফতার বাহিনীর হামলা মোকাবিলায় লিবিয়া সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত অনুরোধ পাওয়ার পর ঐ প্রস্তাব পাস করে  দেশটির পার্লামেন্ট।