একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ মোরশেদ আলমের পক্ষে পুরানো দ্বন্দ্ব ও বিরোধ ভুলে মাঠে নামলেন সব মনোনয়ন প্রত্যাশী। এতে এখানকার আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত হয়ে বর্তমানে পুরোদমে কোমর বেঁধে মাঠে নেমেছে। যার ফলে আসনটিতে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ মোরশেদ আলমের জয়ের সম্ভাবনা দেখা দিয়েছে।
বিশেষ করে এতোদিন এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও তমা গ্রুপের কর্ণধার আতাউর রহমান ভূঁইয়া মানিক, ২০০৮ সালে নৌকা প্রতীকে ভোট করা প্রার্থী ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ, ২০০১ সালে নৌকা প্রতীকে এ আসনে ভোট করা আরেক প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ জাফর আহমেদ চৌধুরী এবং জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক। এসব প্রার্থীরা বর্তমানে পুরোদমে নৌকার পক্ষে কাজ করে যাচ্ছেন। গতকাল শুক্রবারও সকাল থেকে এ আসনের সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের পক্ষে এসব নেতাকে গণসংযোগ ও পথসভায় অংশ নিতে দেখা যায়। এসময় নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ মোরশেদ আলম ছাড়াও এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ জাফর আহমেদ চৌধুরী এবং জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক প্রমুখ উপস্থিত ছিলেন। এর মধ্যে দলীয় তৃণমূল নেতারা সব চেয়ে বেশি উজ্জীবিত হয়েছে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও তমা গ্রুপের কর্নধার আতাউর রহমান ভূঁইয়া মানিককে মাঠে পেয়ে। তিনি অবিরামভাবে এলাকায় নির্বাচনী সব ধরনের কাজ করে যাচ্ছেন। তার উপস্থিতিতে সভাগুলোতে বিপুল লোক সমাগম ঘটছে।
তাছাড়া প্রতিদিন এসব নেতারা এ আসনের কোনো না কোনো এলাকায় সভা সমাবেশ, গণসংযোগ, উঠান বৈঠক, মতবিনিময়, মহিলা সমাবেশসহ নানা সভা সমাবেশ করে যাচ্ছেন। এসব সভাগুলোর অধিকাংশে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ মোরশেদ আলমকে উপস্থিত থেকে ভোট প্রার্থনা করতে দেখা যায়।
