উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট প্রার্থনা বুলবুলের

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২২:০৬

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা                  

মেঘলা আকাশ ও প্রচণ্ড শীত উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবাদুল করিম বুলবুল ব্যাপক প্রচার-প্রচারণায় সরকারের উন্নয়ন বার্তা জনসাধারণের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দিচ্ছেন। আওয়ামী লীগের এই প্রার্থীর প্রচার-প্রচারণায় গুরুত্ব পাচ্ছে  জাতীয় ও স্থানীয় উন্নয়ন ইস্যু। গত দু’দিনে তিনি উপজেলার বিটঘর ও কাইতলা ইউনিয়ন এবং নবীনগর পশ্চিম ইউপির চরলাপাং, চিত্রী, নবীপুর, লাপাং, নরসিংহপুর ও নবীনগর পূর্ব ইউনিয়নের মোল্লাহ্, বগডহরসহ বিভিন্ন ওয়ার্ডে পথসভা করেন। দলের নেতা-কর্মী, সমর্থক ও জনসাধারণের ঢলে প্রতিটি পথসভা জনসভায় রূপান্তরিত হয়। এ সব পথসভায় সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হত না, আর জননেত্রী না থাকলে এদেশ আজ সন্ত্রাস, জঙ্গিবাদ ও তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত হয়ে বিশ্বের মাঝে একটি উন্নয়নের মডেল হয়ে দাঁড়াতো না।

শিক্ষা, স্বাস্থ্য, সন্ত্রাস, দুর্নীতি প্রতিরোধ এবং যোগাযোগ ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে এবাদুল করিম বুলবুল নৌকায় ভোট প্রার্থনা করে বলেন, নবীনগরবাসী আর বটপাতার দুর্নাম নিতে চায় না। নৌকা বিজয়ী হলে নবীনগরকে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত, তথ্য প্রযুক্তি, শিক্ষা, যোগাযোগ ক্ষেত্রে আধুনিক একটি মডেল উপজেলা গড়ে তোলা হবে।

এ সময় তার সফরসঙ্গী ও বক্তব্য রাখেন হাবিবুর রহমান, গোলাম শাহরিয়ার বাদল ,জহির উদ্দিন চৌধুরী, মোশারফ হোসেন, বোরহান উদ্দিন আহম্মদ, চেয়ারম্যান ফিরোজ মিয়া, আরিফুল ইসলাম টিপু, সিরাজুল ইসলাম, আবুল হোসেন, আনোয়ার হোসেন, জহির উদ্দিন সিদ্দিক টিটো, এনামূল হক, মোক্তার হোসেন, মারুফ আহম্মেদ, আশরাফুল ইসলাম রিপন মোঃ ইব্রাহিম মিয়া, রশিদ মিয়া, মামুন মেম্বারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃৃন্দ।