কিশোরগঞ্জ প্রতিনিধি
নৌকা প্রতীকের ব্যতিক্রমধর্মী প্রচারণা চালাচ্ছেন অটোরিকশাচালক মো. নাসির। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামে। ছয় বছর ধরে অটোরিকশা চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করছেন। তার একটি পা নেই। কাটা ঘা থেকে পচন ধরায় ১৮ বছর আগে তার বাম পা কেটে ফেলতে হয়েছে। এর আগে তিনি মেকানিক্সের কাজ করতেন। ছয় বছর ধরে তিনি অটো চালিয়ে স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ের সংসারের ভরণপোষণ করছেন। সাধারণত তিনি কিশোরগঞ্জের কিশোরগঞ্জ সদর, পাকুন্দিয়া ও হোসেনপুর এবং ময়মনসিংহের নান্দাইল ও গফরগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় যাত্রী আনা-নেওয়া করে থাকেন।
বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত এক লাখ টাকা অনুদান ও নিজের জমানো ৬০ হাজার টাকা খরচ করে একটি অটো ক্রয় করেছেন। যাত্রী বহনের পাশাপাশি নৌকা প্রতীকের প্রচারণার কাজও চালিয়ে যাচ্ছেন তিনি। অটোরিকশাটিকে নৌকা আকৃতির রূপ দিয়েছেন। ২টি ছোট মাইক ক্রয় করে তার অটোতে সংযুক্ত করেছেন। মাইকে সারাক্ষণ বাজছে বঙ্গবন্ধুর ভাষণ। যেখানেই যান কোথাও বিরতির সময় তিনি নৌকা প্রতীকের জন্য ভোট প্রার্থনা করে থাকেন। সুরাটি বাজারে কথা হয় তার সঙ্গে। মো. নাসির জানান, তিনি একজন নৌকা-প্রেমিক। বঙ্গবন্ধু তার প্রিয় নেতা। তার কন্যা শেখ হাসিনা একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিন-রাত কাজ করে যাচ্ছেন। এবারও তার দল বিজয়ী হয়ে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে তার দৃঢ়বিশ্বাস।
