ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুর-৫ (ফুলবাড়ি-পার্বতীপুর) আসনে আওয়ামী লীগ প্রার্থী গণশিক্ষা মন্ত্রী মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপির পক্ষে গণসংযোগে নেমেছেন তার দুই মেয়ে ফারহানা রহমান মুক্তা ও ফারজানা রহমান শিমলা। বাবার জন্য নৌকা মার্কায় ভোট চাইতে গিয়ে নির্বাচনী এলাকার প্রতিটি গ্রাম-পাড়া-মহল্লায় নারী ভোটারদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তারা।
নির্বাচনী প্রচারণার শুরু থেকেই বাবার সাথে নয়, পৃথকভাবে দুই মেয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে গ্রাম-পাড়া-মহল্লায় নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে নারী ভোটারদের সাথে উঠান বৈঠক, মতবিনিময়সহ নানাভাবে প্রচারণা চালাচ্ছেন। গণসংযোগকালে বিশেষ করে হিন্দু অধ্যুষিত গ্রামগুলোতে মন্ত্রীকন্যাদের আগমণে গ্রামের নারীরা ফুল ছিটিয়ে বরণ করছেন।
গণশিক্ষা মন্ত্রীর মেয়ে ফারহানা রহমান মুক্তা ও ফারজানা রহমান শিমলা বলেন, বাবা দীর্ঘ ৩০ বছর ধরে এলাকার জাতীয় সংসদ সদস্য হিসেবে এবং ১০ বছর ধরে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এলাকার মানুষই তার পরিবার। মানুষের জন্য সবসময় চিন্তা করেন, সুখ-দুঃখে পাশে থাকেন। বাবাকে এলাকার মানুষ এতো ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে তা এবারের নির্বাচনে গণসংযোগ করতে এসে ভোটারসহ সর্বস্তরের মানুষের কাছ থেকে বুঝতে পারছি। এমন কোনো স্থান নেই যেখানে আমাদেরকে ফুল ছিটিয়ে বরণ করা হয়নি। এসব কিছুই পাচ্ছি একজন গর্বিত বাবার কন্যা হওয়ার জন্যই। বাবার জন্য ভোট চাওয়ার আগে ভোটাররাই বলে ফেলছেন, ফিজার ভাইয়ের জন্য ভোট চাইতে হবে না, ভোট দেয়ার জন্য অপেক্ষায় আছি। আমরাও বাবার মতোই মানুষের ভালোবাসা নিয়ে তাদের পাশে থাকতে চাই।
