নরসিংদী প্রতিনিধি
নির্বাচনী প্রচারণায় হামলা মামলা, ভাঙচুর ও গণ-গ্রেফতারের ফলে মাঠে নামতে না পারার অভিযোগ এনে শুক্রবার নরসিংদীতে সংবাদ সম্মেলন করেছেন ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির পাঁচ প্রার্থী। নরসিংদী জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে জেলার পাঁচটি সংসদীয় আসনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নেয়া প্রার্থীরা উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে নিজেদের নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচারে বাধা, হামলা, গায়েবি মামলা এবং পুলিশি হয়রানির কথা বর্ণনা করে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নরসিংদী-২ (পলাশ ও সদরের একাংশ) আসনের প্রার্থী ড. আব্দুল মঈন খান, নরসিংদী-৩ (শিবপুর) আসনের মনজুর এলাহী, নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসনের সরদার শাখাওয়াত্ হোসেন বকুল এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। নরসিংদী-১ (সদর) আসনের প্রার্থী খায়রুল কবির খোকন কারাবন্দি থাকায় তার পক্ষে বক্তব্য রাখেন তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরিন সুলতানা। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার। এ দিকে, সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীরা বের হওয়ার সময় সাদা পোশাকধারী ডিবি পুলিশ আটজন কর্মীকে আটক করে। এ সময় নেতাকর্মীরা গ্রেফতার এড়াতে পালিয়ে যান।
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ওসি গোলাম মোস্তফার সাথে যোগযোগ করলে তিনি আটকের বিষয় অবগত নন বলে জানান।
