আওয়ামী লীগ প্রার্থীকে জয়ী করতে একাট্টা জাতীয় পার্টি

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২২:০৯

বিএনপি নেতাকর্মীরা আত্মগোপনে, নির্বাচনী অফিস বন্ধ

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে আওয়ামী লীগ প্রার্থীকে জয়ী করতে পূর্ণ সমর্থন দিয়ে একাট্টা ঘোষণা করেছে জাতীয় পার্টি। শুক্রবার থেকে জাতীয় পার্টির নেতা-কর্মীরা আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে পোস্টার ও ফেস্টুনসহ নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদিকে ওইদিন সকাল থেকে বিকাল পর্যন্ত পুলিশি অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়েছে। গ্রেফতার আতঙ্কে অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে থাকায় উপজেলার বিএনপির নির্বাচনী প্রচারণার অফিসগুলো বন্ধ রয়েছে।

কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য মো. আমির হোসেন ভুঁইয়া নেতৃত্বে দলের নেতা-কর্মীরা বৃহস্পতিবার রাতে নৌকার পক্ষে আনুষ্ঠানিক প্রচারণায় নামেন। ওই প্রচারণায় নামার আগে কড়িকান্দিতে এমপি’র বাসভবনে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ প্রার্থী সেলিমা আহমাদ মেরীর প্রতিনিধি দলের সদস্যসহ জাতীয় পার্টির বিভিন্ন নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন সরকার, ফারুক মিয়া সরকার প্রমুখ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মো. সালাহউদ্দিন সরকার বলেন, কোথায় কোনো ঘটনা ঘটেনি। তারপরও পুলিশ হঠাত্ শুক্রবার সকাল থেকে নেতাকর্মীদের আটক করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে। গ্রেফতার আতঙ্কে নেতা-কর্মীরা আত্মগোপনে থাকলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করে নির্বাচনী প্রচারণায় নামবে।

তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম নেতা-কর্মীদের আটকের কথা স্বীকার করে বলেন, এদের বিরুদ্ধে অভিযোগ থাকায় গ্রেফতার করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।