টাঙ্গাইল প্রতিনিধি ও মির্জাপুর সংবাদদাতা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৫২ জন এমপি প্রার্থী নির্বাচনে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। টাঙ্গাইলের আটটি আসনে প্রার্থীদের মধ্যে সাত এমপি প্রার্থীই শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে একেবারেই পিছিয়ে রয়েছেন। এই সাত এমপি প্রার্থীই স্কুলের গণ্ডি পেরোতে পারেননি। রিটার্নিং অফিসারের কাছে দেওয়া হলফনামায় তারা এমন তথ্য দিয়েছেন। এদের মধ্যে টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় রয়েছেন দুইজন এমপি প্রার্থী। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিদের এমন শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভোটরদের মনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যাদের এমন শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে গিয়ে জনগণের জন্য কি কাজ করবেন। গতকাল শুক্রবার রিটার্নিং অফিসারের কাছে দাখিলকৃত হলফনামা সূত্রে এই সাত প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা জানা গেছে।
নির্বাচন অফিস ও রিটার্নিং অফিসারের কাছে দাখিলকৃত হলফনামা সূত্রে জানা গেছে, স্কুলের গণ্ডি পেরোতে পারেননি এই সাত এমপি প্রার্থীরা হলেন, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের বাংলাদেশ প্রগতিশীল গণতান্ত্রিক দলের প্রার্থী শ্রী মতি রুপা রায় চৌধুরী (স্বাক্ষরজ্ঞান সম্পন্ন), একই আসনের খেলাফত মসলিসের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও প্রার্থী সৈয়দ মো. মুজিবুর রহমান পেশওয়ারী (স্বশিক্ষিত), টাঙ্গাইল-২ গোপালপুর-ভুয়াপুর) আসনের মহাজোট তথা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তানভীর হাসান ছোট মনির (অক্ষরজ্ঞান সম্পন্ন), টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের তরিকত ফেডারেশনের প্রার্থী মো. আবু হানিফ (অষ্টম শ্রেণি), একই আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মো. খলিলুর রহমান (স্বাক্ষরজ্ঞান সম্পন্ন), টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মীর্জা আবু সাইদ (স্বাক্ষরজ্ঞান সম্পন্ন) এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের এনপিপির প্রার্থী মো. শফি সরকার (স্বশিক্ষিত)।
