সিরাজগঞ্জের তাড়াশে জুয়া খেলার টাকা না দেওয়ায় জাহিদুল ইসলাম (৩৫) নামে এক ছেলে তার বাবা কবির উদ্দিনকে (৭০) পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশিন গ্রামে এ ঘটনার খবর পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছেলে জাহিদুল ইসলাম গ্রামে নিয়মতি জুয়া খেলতো। সে জুয়া খেলে প্রতিনিয়ত অনেক টাকা নষ্ট করে। এভাবে জুয়ায় হেরে গিয়ে তার বাবাকে জমি বিক্রি করে টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এতে বাবা কবির উদ্দিন রাজি না হওয়ায় ক্ষেপে যায় ছেলে। পরে বাগবিতণ্ডার একপর্যায়ে ছেলে বাবাকে মারপিট করতে থাকে। এসময় বৃদ্ধ বাবাকে রক্ষার জন্য তার মেয়ে কহিনুর এগিয়ে আসলে তার গায়েও হাত তুলে ছেলে। এতে বাবা ও বোন দুজনেই গুরুতর আহত হয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জামাল মিয়া আহত বাবা ও মেয়েকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাবা ও মেয়েকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দু’জনেই শঙ্কা মুক্ত।
আরও পড়ুন: পর্দা উঠলো ডিজিটাল বাংলাদেশ মেলার
এ বিষয়ে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, বাবাকে মারপিটের অভিযোগে তার ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/আরআই
