কালীগঞ্জে প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১৭:৪১

গাজীপুরের কালীগঞ্জে সীমা বেগম (৪০) নামের সৌদি আরব প্রবাসী এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জামালপুর (গোল্লারটেক) গ্রামে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ঝুলন্ত ওই প্রবাসী নারীর মরদেহ স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় উদ্ধার করা হয়। 

তবে রহস্যজনক ভাবে এ মৃত্যুকে কেউ কেউ আত্মহত্যা বললেও কেউ কেউ বলছেন হত্যা। তবে পুলিশ বলছেন, এটি হত্যা না আত্মহত্যা তা জানানো যাবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর। 

স্থানীয়রা জানায়, নিহত সীমার বাবার নাম আবুল কাশেম। স্বামীর বাড়ী মুন্সিগঞ্জের বিক্রমপুরে। স্বামীর সাথে বছর চারেক আগে তার ছাড়াছাড়ি হয়ে যায়। পরে জামালপুর (গোল্লারটেক) গ্রামে নানা মৃত রহম আলী সরকারের বাড়ীতে এক ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন তিনি। ভোর সাড়ে ৬ টার দিকে বাড়ীর আশেপাশে হাটাহাটি করেছেন সীমা। কিন্তু ৭টার দিকে এই ঘটনাটি ঘটে। তবে বুধবার (১৫ জানুয়ারি) রাতে মেয়ের সাথে কোন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় কয়েকজন।

ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান ফারুক মাস্টার জানান, সকালে তাদের বাড়ির কাছ দিয়ে মর্নিং ওয়ার্ক করে যাওয়ার সময় কান্নাকাটির শব্দ শুনতে পাই। পরে বাড়ির ভেতরে গিয়ে দেখি ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে বাধা সীমা বেগমের মরদেহ ঝুলছে। পরে স্থানীয়দের সহযোগীতায় লাশ নিচে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে তার আগেই মৃত্যু হয় বলে জানান হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক। 

আরও পড়ুন: রংপুরে স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগে মামলা

তিনি আরও জানান, স্বামীর সাথে ছাড়াছাড়ির পর সীমা ৩ বছর যাবত সৌদি আরব প্রবাসী ছিলেন। ৫ মাসের ছুটিতে এসেছিলেন। ইতিমধ্যে ছুটির ৪ মাস অতিবাহিত হয়ে গেছে। এক মাস পর পুনরায় সৌদি আরব যাওয়ার কথা ছিল তার।     

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আরশাদ মিয়া জানান, প্রাথমিক কাজ শেষে মরদেহ গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।  


ইত্তেফাক/আরআই