পাবনা-২ আসনে মাঠ চষে বেড়াচ্ছে আওয়ামী লীগ দেখা নেই বিএনপির

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২২:১১

সুজানগর (পাবনা) সংবাদদাতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ ফিরোজ কবির নির্বাচনী মাঠ চষে বেড়ালেও মাঠে নেই বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব।

নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার অনেক আগে থেকেই আওয়ামী লীগ প্রার্থী আহমেদ ফিরোজ কবির উঠান বৈঠক, গণসংযোগ এবং সভা-সমাবেশ করে নির্বাচনী মাঠে তার অবস্থান বেশ সুদৃঢ় করেন। এরপর গত ২৫ নভেম্বর দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে তিনি পুরো নির্বাচনী এলাকায় উঠান বৈঠকসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে জনমনে জায়গা করে নিয়েছেন। গত ১০ নভেম্বর প্রতীক বরাদ্দের পর তিনি আরো জোরে-শোরে প্রচারণা চালাচ্ছেন। এতে তার পক্ষে মাঠে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। অপরদিকে প্রতীক বরাদ্দের অনেক দিন পার হলেও বিএনপি প্রার্থী একেএম সেলিম রেজা হাবিবকে গণসংযোগ, নির্বাচনী সভা-সমাবেশ এমনকি উঠান বৈঠক করতেও দেখা যাচ্ছে না। শুধু তাই না নির্বাচনী এলাকায় তার তেমন কোনো পোস্টারও চোখে পড়ছে না।

এদিকে উপজেলা বিএনপির সভাপতি আজম আলী বিশ্বাস বলেন, নির্বাচনী এলাকার মাসুমদীয়া এলাকায় একটি রাজনৈতিক সহিংসতার ঘটনায় বিএনপির ২শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে ওই মামলায় ১০/১২জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে নেতা-কর্মীরা গ্রেপ্তার এবং পুলিশি হয়রানির ভয়ে মাঠে নামার সাহস পাচ্ছেন না।

তবে এ ব্যাপারে সুজানগর থানার ওসি শরিফুল আলম বলেন, পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির কোনো নেতা-কর্মীকে গ্রেপ্তার বা হয়রানি করছে না। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।