ভারতে জনসংখ্যা নিবন্ধীকরণ (এনপিআর) বিষয়ে আগামী ১৭ জানুয়ারি দিল্লিতে দেশের সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে এক বৈঠকের ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে যোগ দিচ্ছেন না। এনপিআর ইস্যুতে তার বিরোধিতার অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত মমতার। বৃহস্পতিবার নিজের সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে মমতা জানান, তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে চাইলে সরকার চেষ্টা করুক। তারপরও পশ্চিমবঙ্গে এনপিআর, এনআরসি কার্যকর করতে দেবেন না তিনি। তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের এক সভায় মমতা এসব কথা বলেন।
জাতীয় নাগরিকপঞ্জির পর জাতীয় জনসংখ্যা নিবন্ধীকরণ (এনপিআর) নিয়ে শুরু থেকেই দ্বিমত পোষণ করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে এনপিআর আসলে এনআরসি’র প্রথম পদক্ষেপ। এনপিআর বিষয়ে সভায় যোগ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে মোদি সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মমতা বলেন, ‘ওরা চাইলে আমার সরকারকে ফেলে দিয়ে দেখাক’।
এর আগে মমতা বলেছিলেন, ‘এনপিআরের পাশাপাশি বিজেপি যদি বাংলায় জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) করতে চায় তাহলে আমার মৃতদেহের উপর দিয়ে করতে হবে।’
আরও পড়ুন: বরফে চাপা পড়ার ১৮ ঘণ্টা পর জীবিত ফিরলেন তরুণী
গত ডিসেম্বরে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ আসাম ছাড়া অন্য সব রাজ্যে এনপিআর আপডেট করার প্রস্তাব অনুমোদন করে। তবে আসামের মতোই এনআরসি করতেই এনপিআর বা জাতীয় জনসংখ্যা নিবন্ধীকরণের কাজ শুরু করতে চাইছে কেন্দ্রীয় সরকার এমনটা দাবি করে শুরু থেকেই এর বিরোধিতায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সরকার দাবি করছে, দেশ থেকে অবৈধ অভিবাসীদের বহিষ্কার করতেই এই পদক্ষেপ।
ইত্তেফাক/এসইউ
