নওগাঁর সাপাহার সীমান্তের ভারতের অভ্যন্তরে বাংলাদেশি গরু ব্যবসায়ী হাসিম উদ্দীনকে (২৬) বিএসএফ আটক করেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার হাঁপানিয়া সীমান্তের ভারতের মালদা জেলার কেদারীপাড়া এলাকায় এ আটকের ঘটনা ঘটে। আটককৃত হাসিম উদ্দিন উপজেলার ইসলামপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, গত বুধবার রাতের কোন এক সময় সাপাহার ও পোরশা উপজেলার কিছু গরু ব্যবসায়ী অবৈধভাবে গরু আনতে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এরপর বৃহস্পতিবার ভোর রাতে গরু নিয়ে হাঁপানিয়া ২৩২নং মেইন পিলার এলাকা দিয়ে দেশে আসার চেষ্টা করলে ভারতের অভ্যন্তরে মালদা জেলার কেদারীপাড়া এলাকায় বিএসএফ ধাওয়া করে হাসিমকে আটক করে। তবে অন্যরা ভারতে আত্মগোপন ও বাংলাদেশে চলে এসেছেন।
আরো পড়ুন: সিটি নির্বাচনে ভোট ডাকাতির আশঙ্কা করছি : রিজভী
বিজিবি-১৬ (নওগাঁ) হাঁপানিয়া ক্যাম্পের হাবিলদার খায়রুল ইসলাম জানান, ঊর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে।
বিজিবি-১৬ (নওগাঁ) এর অধিনায়ক লে. কর্ণেল একেএম আরিফুল ইসলামের মোবাইল ফোনে বারবার কল দিলেও রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
ইত্তেফাক/এএএম
