শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা
শ্রীপুর উপজেলা ছাত্রদলের সভাপতি এম বাবুল মিয়া বাবলুসহ মদনপুর ও জোকা গ্রামের ইউপি সদস্য আওয়াল শেখের নেতৃত্বে ৫ শতাধিক বিএনপি নেতাকর্মী গত বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বাড়ম্বরপূর্ণ পরিবেশে মাগুরা-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য পদপ্রার্থী ও অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন ।
ছাত্রদলের সভাপতি এম বাবুল মিয়া জানান, তিনি ১৮ বছর যাবত্ উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছাত্রদলের দায়িত্বে থাকা অবস্থায় তিনি ও তার সমর্থকরা সামাজিক দলে অন্তর্ভুক্ত হয়ে গ্রাম্য সংঘর্ষসহ বিভিন্ন মামলায় জড়িয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। তাছাড়া ছাত্রদল করে তিনি দলের পক্ষ থেকে তেমন কোনো উপকারেও আসেনি। আওয়ামী লীগ সরকারের উন্নয়নে মুগ্ধ ও আওয়ামী লীগ দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপি ও ছাত্রদল ত্যাগ করে আওয়ামী লীগে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। আওয়ামী লীগ নেতাকর্মীরা সদ্য যোগদানকৃত উপজেলা ছাত্রদলের সভাপতি এম বাবুল মিয়া, ইউপি সদস্য আওয়াল শেখসহ উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শ্রীপুর সরকারি কলেজ শাখার সভাপতি অন্তর খলিফা ও শ্রীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সামছুজ্জামান নাদের ও খায়রুল ইসলামের গলায় ফুলের মালা অর্পণ করে নিজ দলে গ্রহণ করে নেন।
শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান মণ্ডলের সভাপতিত্বে এসময় অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, মাগুরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রাসেদ মোহাম্মদ শাহীন, ঢাকা উত্তর কৃষকলীগের সভাপতি মাকসুদুর রহমান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাসসহ আরো অনেকে। শ্রীপুর সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নজরুল মোল্লা, আব্দুল্লাহ শেখ, আনছার আলী বিশ্বাস প্রমুখ।
