গাছের মাথার হিমবুড়িটা
লেপের ভেতর এসে,
হাড় কাঁপিয়ে যাচ্ছে উড়ে
আকাশপথে ভেসে।
হিমবুড়িটা বেজায় পাজি
তার কথাতে বরফরাজি—
জমে আবার গলে,
হিমসাগরের হিমগিরিরা
তার কথাতে চলে।
হিমবুড়িটার মেজাজ গরম
বরফকুচি ঠান্ডা চরম
নিয়ে আসে সাথে,
বুড়ো-শিশু দেখলে, বুড়ি
আয়েশ করে মাতে।
হিমবুড়ি তুই কেমন করে
আকাশজুড়ে ভাসিস?
গরম কাপড় কিনলে পরে
দাওয়াত দিলাম আসিস!
