বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস) এর ২০২০ সেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মোবাশ্বের আহমেদ সভাপতি এবং দৈনিক সংবাদের প্রতিনিধি এস এম আল-আমিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১ টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সমিতির সব সদস্য ও নির্বাচন পর্যবেক্ষকদের উপস্থিতিতে নতুন কমটির সদস্যদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশন।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. গাজী মাজহারুল আনোয়ার দায়িত্ব পালন করেন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রক্টর (চলতি দায়িত্ব) আতিউর রহমান, ছাত্র ও পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. নুর আলম সিদ্দিক এবং সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এইচ. এম নূর আলম।
আরো পড়ুন: বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রাব্বী হাসান সবুজ (দৈনিক যুগান্তর), যুগ্ম সম্পাদক ইভান চৌধুরী (দৈনিক মানবজমিন), কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন রিফাত (দৈনিক প্রতিদিনের সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আদিব হোসাইন (বার্তা২৪.কম), দপ্তর সম্পাদক জাকির হোসাইন (দৈনিক যুগের আলো), কার্যকরী সদস্য-১ রুদ্র মাহমুদ জয় (দৈনিক সমকাল) ও কার্যকরী সদস্য-২ আবু সাঈদ জনি (দৈনিক অধিকার)।
রংপুরে ডিসির মোড়ে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে নবগঠিত কমিটি যাত্রা শুরু করে। এদিকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান বিশ্ববিদ্যালয়ের একাধিক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
ইত্তেফাক/এএএম
