মেহেন্দিগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে নির্বাচনী মাঠে সরব রয়েছে আওয়ামী লীগ। সকাল থেকে গভীর রাত চলছে আওয়ামী লীগ প্রার্থী পংকজ নাথের গণসংযোগ ও প্রচারণা। অপরদিকে বিএনপির শিবিরে সংকট কাটছে না। এলাকা জুড়ে চলছে আওয়ামী লীগের নির্বাচনী উত্সব। এদিকে আওয়ামী লীগের পাশাপাশি প্রচার চালিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন হাতপাখা মার্কার প্রার্থী সৈয়দ মো. মুফতি নুরুল করীম, ইসলামী ঐক্যজোটের মিনার মার্কার প্রার্থী সাইফুল্লাহ্ হাবীবি, খেলাফত মজলিসের ঘড়ি মার্কার প্রার্থী অধ্যাপক রুহুল আমিন এবং বিএনএফ’র টেলিভিশন মার্কার প্রার্থী এনামুল হক এমরান। কিন্তু বিএনপির শিবিরে সংকট কাটছে না। দলের মনোনয়ন পাওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত চলছে প্রার্থী নিয়ে জটিলতা। তারপর রয়েছে হামলা, মামলার ভয়। নেতা-কর্মীরা মাঠে নেই, নেই কোনো নির্বাচনী ক্যাম্প, পোস্টার কিংবা মাইকিং। এছাড়াও বিএনপির মধ্যে রয়েছে ঐক্যের অভাব। এই আসনে বিএনপির দলীয় প্রার্থী না দিয়ে ঐক্যফ্রন্টের নুরুর রহমান জাহাঙ্গীরকে দেওয়ায় বিএনপির কর্মীদের মধ্যে হতাশা কাজ করছে।
