পুঁজিবাজারে গতি ফেরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২১:২০

দেশের পুঁজিবাজারকে গতিশীল ও উন্নয়নের লক্ষ্যে বেশকিছু স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুঁজিবাজারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ বৃদ্ধিসহ ছয়টি স্বল্পমেয়াদি কর্মসূচি অচিরেই বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। গতকাল  বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে এক নীতিনির্ধারণী সভায় এই সিদ্ধান্ত হয়। এতে পুঁজিবাজারকে গতিশীল ও উন্নয়নের লক্ষ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জকমিশন (বিএসইসি)  সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে,  স্বল্পমেয়াদি কিছু পদক্ষেপ অচিরেই বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহকে নির্দেশনা প্রদান করা হয়েছে। ঐসব পদক্ষেপের মধ্যে রয়েছে—পুঁজিবাজারে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ বৃদ্ধি করা, মার্চেন্ট ব্যাংকার ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য কতিপয় সহজ শর্তে ঋণ সুবিধার ব্যবস্থা করা, আইসিবির বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধিকরণ।

নির্দেশনায় আরো রয়েছে, দেশি বিনিয়োগ আকৃষ্ট করা ও দেশীয় বাজারে আস্থা সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা এবং বাজারে মানসম্পন্ন আইপিও বৃদ্ধির লক্ষ্যে বহুজাতিক ও সরকারি মালিকানাধীন লাভজনক কোম্পানিসমূহকে তালিকাভুক্তিকরণের উদ্যোগ গ্রহণ করা। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া পর্যায়ক্রমে দীর্ঘমেয়াদি সমস্যাসমূহ চিহ্নিত করে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে মর্মে সভায় আলোচনা হয়।