দ্বিতীয়বারের জন্য পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি নির্বাচিত হয়েছেন দিলীপ ঘোষ। গতকাল কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাঠানো প্রতিনিধি মুরলীধর রাও তাকে সভাপতি ঘোষণা করেন।
২০১৫ সালের সেপ্টেম্বরে রাজ্য বিজেপির সভাপতি হন দিলীপ ঘোষ। সেই মেয়াদ শেষ হয় ২০১৮ সালের সেপ্টেম্বরে। কিন্তু তার মাস ছয়েকের মধ্যেই ছিল লোকসভা নির্বাচন। তাই সেই সময়ে নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় না গিয়ে দিলীপের মেয়াদ এক বছর বাড়িয়ে দেওয়া হয়। সভাপতি পদে প্রথম তিন বছর পূর্ণ করার পরেও এক বছর মেয়াদ বাড়িয়ে নেওয়া দিলীপের পক্ষে যতটা সহজ হয়েছিল, এবার কিন্তু পরিস্থিতি ততটা মসৃণ ছিল না। গত চার বছরে বিভিন্ন সময়ে দিলীপ ঘোষ নানা বিতর্কিত মন্তব্য করে আলোচিত-সমালোচিত হয়েছেন। রাজ্য বিজেপির একাংশ তাই অভিযোগ করতে শুরু করেছিল, দিলীপের মন্তব্য দলের ভাবমূর্তি নষ্ট করছে। খবর আনন্দবাজার পত্রিকার
দিলীপের জন্য বাধা ছিল সাম্প্রতিক উপনির্বাচনের ফলাফলও। রাজ্যের তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনে জেতা এবং বিপুল ব্যবধানে এগিয়ে থাকা আসনেও বিজেপি প্রার্থীদের হার প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল দিলীপের নেতৃত্বকে। কিন্তু দিলীপকে সরিয়ে দেওয়া হলে কাকে দায়িত্ব দেওয়া যেতে পারে, সেই বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। তাই বিকল্প না পেয়ে তাকেই সভাপতি হিসেবে পুনর্নির্বাচন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
