স্বাধীনতার পর প্রথম শেরপুর-১ (সদর) আসনে কাস্তে মার্কার প্রার্থী

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২২:১৩

শেরপুর প্রতিনিধি

স্বাধীনতার ৪৬ বছর পর এবারই প্রথম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে কাস্তে প্রতীকে সিপিবি মনোনীত বামগণতান্ত্রিক জোটের একজন প্রার্থী হয়েছেন। অষ্টম শ্রেণি পাস মো. আফিল উদ্দিন পেশায় একজন মটর মেকানিক। ইতোপূর্বে ১৯৭৩ সনে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কমিউনিস্ট নেতা, আন্দামান জেল ফেরত বিপ্লবী রবি নিয়োগী ন্যাপের কুঁড়েঘর প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছিলেন। কাস্তে প্রতীকধারী মো. আফিল উদ্দিন প্রার্থী হলেও নির্বাচনী ময়দানে তার সরব উপস্থিতি নেই। কোথাও তার পোস্টার বা মাইকিং শোনা যাচ্ছে না। এ প্রসঙ্গে মো. আফিল উদ্দিন জানান, তিনি ও তার দলের সমর্থকেরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদিন মাইলের পর মাইল পায়ে হেঁটে গ্রামে-গঞ্জে প্রচারণার কাজ করছেন। একাজে তাদের একটি মাত্র হ্যান্ড মাইক রয়েছে। ১০/১৫ জনের একটি মহিলা দলও বাড়ি বাড়ি গিয়ে তার অনুকূলে ভোট চাইছেন এবং পার্টির ইশতেহার লিফলেট পৌঁছে দিচ্ছেন।  তার নির্বাচনী বাজেট খুবই সামান্য। মাত্র ২ লাখ টাকা। তাই খুবই হিসেব করে তাদের প্রচার কাজ চালাতে হচ্ছে। স্বল্প সংখ্যক পোস্টার তারা ছাপিয়েছেন। তাই ভোটের ৫/৭ দিন আগে এগুলো বিভিন্ন ভোট কেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানে টানানো হবে। নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, দরিদ্র পরিবারে তার জন্ম। অভাবের নির্মম কষাঘাত কি তা’ তিনি জানেন। ইট ভাঙার শ্রমিক হিসেবে তার জীবন সংগ্রাম শুরু। তারপর হোটেল শ্রমিক, ট্রাকের হেলপার হিসেবে কাজ শেষে মোটর মেকানিক হিসেবে থিতু হয়েছেন। তাই শ্রমজীবী মেহনতি মানুষের পক্ষে কথা বলার জন্য তিনি প্রার্থী হয়েছেন।