নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে নির্বাচনী আচরণবিধি ভেঙে বিএনপির নির্বাচনী পথসভায় উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় এক মাদ্রাসা শিক্ষকের ছয় মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি ভিতরবন্দ ফাজিল মাদ্রাসার এবতেদায়ী শাখার আরবী শিক্ষক। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) আল ইমরানের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন। উপজেলার ভিতরবন্ধ বাজারে গত ১৬ ডিসেম্বর কুড়িগ্রাম-১ আসনের ঐক্যজোট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির সাইফুর রহমান রানার নির্বাচনী পথসভায় সাঈদীকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেন ওই ব্যক্তি। তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে ওইদিন তাকে ভিতরবন্দ ইউনিয়ন কাজী অফিস থেকে আটক করে নিয়ে আসে পুলিশ। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাসের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ওই জেল-জরিমানা করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুলতানা পারভীন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
