টেকনাফে জনপ্রিয় হচ্ছে মালটা চাষ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২২:১২

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে বাড়ছে মালটার আবাদ। ফলন ভালো হওয়ায় উপজেলার পাহাড়ির কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন মালটায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার হোয়াইক্যং, হ্নীলা, বাহারছড়া এবং সদর ইউনিয়নে ২০টি এলাকায় মালটার প্রদর্শনী করা হয়েছে। প্রকৃত কৃষকদের দিয়েই এসব প্রদর্শনী করা হয়। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, প্রদর্শনীগুলোতে মালটার আশানুরূপ ফলন হয়েছে। সময়মতো পরিচর্যা করলে ফলন আরো ভালো হতো বলে কৃষি বিভাগ জানিয়েছে। উপকূলীয় ইউনিয়ন বাহারছড়া চৌকিদারপাড়া এলাকার শাহাজান বাঙালি জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় মালটা প্রদর্শনী করে ভালো ফল পেয়েছি। উপসহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলম জানান, টেকনাফের মাটি ও পরিবেশ মালটা চাষের জন্য বেশ উপযোগী।