বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়

শ্রেণিকক্ষ সংকটে মাঠে পাঠদান!

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২২:১৯

শ্রেণিকক্ষের সংকটে বেলাবর বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঠদান চলছে বিদ্যালয়ের মাঠে। এতে অনেক সময় দুর্ভোগে পড়তে হয় শিক্ষার্থীদের। ১৯৮৪ সালে নির্মিত উপজেলার বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৯২৩ জন। শ্রেণিকক্ষ রয়েছে ১২টি। প্রতিটি শ্রেণিকক্ষে বসতে পারে ৫০ জন শিক্ষার্থী। চলতি বছরও বিদ্যালয়টি বেলাব উপজেলার মধ্যে জেএসসি ও এসএসসি পরীক্ষায় একাধিক জিপিএ-৫ সহ শতভাগ পাশ করে। বিদ্যালয়ে রয়েছে মেধাবী শিক্ষার্থীদের আবাসিক সুবিধা। এ কারণে উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী রায়পুরা, মনোহরদী ও শিবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী ভর্তি হয় এই বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল বলেন, প্রায় দুই বছর ধরে শ্রেণিকক্ষ সংকটে বিদ্যালয়ের মাঠে আমরা দুই-তিনটি করে ক্লাস নিচ্ছি। এতে করে শিক্ষার্থীদের অনেক সমস্যা হয়। একটি ভবন নির্মাণ করে এ সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছি। কিন্তু কোনো ফল পাওয়া যাচ্ছে না।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুল জব্বার মাস্টার বলেন, চলতি বছরসহ পাঁচবার বিদ্যালয়টি ভালো ফলাফলের কারণে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। এখানের লেখাপড়ার মান ভালো হওয়ায় শিক্ষার্থীও বেশি। যার কারণে শ্রেণিকক্ষে জায়গা না হওয়ায় বাইরে ক্লাস নিতে হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুর রহমান বলেন, পর্যাপ্ত জায়গা না থাকায় এখানে কোনো ভবন নির্মাণ করা যাচ্ছে না। দানবীর আব্দুল কাদির মোল্লাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি ১০তলা একটি ভবন করে দিতে। আশা করছি খুব শিগিগরই এ বিদ্যালয়ে একটি ভবন নির্মাণ হবে।