স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের পশ্চিম পাশে ভাতারা মাঠে গলা কাটা অবস্থায় রুবেল (৩২) নামে এক যুবকের লাশ পুলিশ উদ্ধার করেছে। এ ছাড়া জেলার সারিয়াকান্দির যমুনা নদীর চর থেকে অজ্ঞাত পরিচয় (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। দুইটি লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের পশ্চিম পাশে মাঠের মধ্যে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। স্থানীয় লোকজন লাশটি দেখে শনাক্ত করে জানায়, যুবকটি শাজাহানপুর উপজেলার জোড়া সাতঘড়িয়া পাড়ার আব্দুল জব্বারের পুত্র। তিনি শজিমেকে ওষুধ বিক্রির দালালি করে।
অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার ঘোষ জানান, যমুনা নদীর দীঘলকান্দি ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে নদীর বালু চরে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে আনা হয়। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরনে লুঙ্গি ছিলো। লাশের পাশে শার্ট ও স্যান্ডেল পড়ে ছিলো।
