মুন্সীগঞ্জের গজারিয়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার চরবাউশিয়া বড়কান্দি এলাকার খোরশেদ বেপারীর ছেলে রিয়াজুল হক ভুট্টু (৩৭), একই এলাকার মৃত আলী মিয়ার ছেলে আব্দুল মান্নান (৩৫)। আটকৃতদের মধ্যে রিয়াজুল হক ভুট্টু বাউশিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
বৃহস্পতিবার সন্ধ্যায় গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া বড়কান্দি এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
গজারিয়া থানার উপ-পরিদর্শক নূরুল ইসলাম বলেন, ইয়াবা কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অন্যান্য অফিসারদের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের মাদকসহ আটক করা হয়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, মাদক নির্মূল, ডাকাতি, ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান চলমান। আটক ভূট্টুর বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে এবং মাদকসহ যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/জেডএইচ
